শিরোনাম

দুই বিমানবন্দরে অভিযান, পৌনে এক কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
দুই বিমানবন্দরে অভিযান, পৌনে এক কোটি টাকার অবৈধ পণ্য জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় পৌনে এক কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দুটি বিমানবন্দরে পরিচালিত অভিযানে মোট ৭৫ লাখ ৪৪ হাজার ৫৪০ টাকার বিদেশি সিগারেট, আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম, স্বর্ণালংকার ও আইফোন জব্দ করা হয়েছে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৯৯৪ কার্টুন সিগারেট, ২৩৮ পিস গৌরি ক্রিম, ২০৪ গ্রাম স্বর্ণালংকার এবং ৪টি আইফোন। আবুধাবি, দুবাই ও থাইল্যান্ড থেকে আসা একাধিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ঘোষণা ছাড়া আনা এসব পণ্য উদ্ধার করা হয়।

জব্দ করা পণ্যগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈধ বাণিজ্য সহায়তার লক্ষ্যে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

/এসএ/