শিরোনাম

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

নিজস্ব প্রতিবেদক
পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, বিপুল অর্থ ব্যয়ে নতুন পোশাক প্রবর্তনের পরিবর্তে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ এবং লজিস্টিকস সাপোর্ট বৃদ্ধি করা অধিক যুক্তিযুক্ত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনটির সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য যে নতুন পোশাক নির্বাচন করেছে, সেখানে সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া এবং মাঠপর্যায়ের মতামত উপেক্ষা করা হয়েছে। কোনো জনমত যাচাই ছাড়াই নির্বাচিত এ পোশাকের সঙ্গে ইউনিফর্মধারী অন্যান্য সংস্থার পোশাকের হুবহু সাদৃশ্য রয়েছে। ফলে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে বলে মতামত উঠে এসেছে। অ্যাসোসিয়েশনের দাবি, বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এ সিদ্ধান্তের পক্ষে নন।

bigStoryContent

পুলিশের পোশাকের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন এবং ১০ ফেব্রুয়ারি গেজেট প্রকাশের মাধ্যমে তৎকালীন সরকার একটি কমিটির দীর্ঘ যাচাই-বাছাই শেষে আগের পোশাক নির্ধারণ করেছিল। সে সময় দেশের আবহাওয়া, দিন-রাতে দায়িত্বপালনের সুবিধার্থে দৃশ্যমানতা, সদস্যদের গায়ের রং এবং অন্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য এড়ানোর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছিল।

সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, বাহিনীর বেশির ভাগ সদস্য আগের পোশাককে দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের প্রতীক হিসেবে মনে করেন।

সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ টেনে বিবৃতিতে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ বাহিনীর প্রায় সব সদস্য এ পোশাক পরিহিত অবস্থায় দায়িত্ব পালন করেছেন। তাদের পেশাদারত্ব দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলেও দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, পোশাক পরিবর্তন একটি ব্যয়বহুল প্রক্রিয়া, যা বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। সংগঠনটির মতে, নতুন পোশাক তৈরির পরিবর্তে ওই অর্থ বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করা বেশি জরুরি। পোশাকের রং বা নকশার চেয়ে পুলিশ সদস্যদের মানসিকতার পরিবর্তন, মনোবল বৃদ্ধি এবং পেশাদারত্ব উন্নয়নই এখন বেশি গুরুত্বপূর্ণ।

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হোক। বাহিনীর সদস্যদের আবেগ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে আরও গবেষণা এবং জনমত যাচাইয়ের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

/এসএ/