শিরোনাম

হামের টিকা সংকট নিয়ে এক বাবার আবেগঘন পোস্ট

সিটিজেন ডেস্ক
হামের টিকা সংকট নিয়ে এক বাবার আবেগঘন পোস্ট
হাম আক্রান্ত শিশুসন্তানকে কোলে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক পোস্ট দিয়েছেন মুশফিকুর রহমান। ছবি: সংগৃহীত

হাম আক্রান্ত শিশুসন্তানকে কোলে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক পোস্ট দিয়েছেন মুশফিকুর রহমান নামের এক ব্যক্তি। পোস্টের শুরুতেই তিনি লিখেছেন, ‘রাষ্ট্র আমার সন্তানকে হাম উপহার দিল।’

পোস্টের সঙ্গে যুক্ত ছবিতে দেখা যায়, তিনি তার অসুস্থ সন্তানকে কোলে নিয়ে রাস্তায় হাঁটছেন।

নিজের পোস্টে মুশফিকুর রহমান সন্তানের জন্ম থেকে বর্তমান পরিস্থিতি পর্যন্ত নানা স্মৃতি তুলে ধরেন। তিনি লেখেন, জন্মের পর থেকেই তার সন্তান তুলনামূলক শান্ত স্বভাবের ছিল। ক্ষুধা লাগলে কাঁদত, আবার খাওয়ানোর পর শান্ত হয়ে যেত। রাতেও কোনো সমস্যা করত না বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, শিশুটি প্রথমে জ্বরে আক্রান্ত হয় এবং পরে নিউমোনিয়া ধরা পড়ে। হাসপাতালে ভর্তি করার পরও শিশুটির কান্না থামছিল না বলে পোস্টে উল্লেখ করেন তিনি। পরে অবস্থার অবনতি হয়ে শিশুটির শরীরে হাম ধরা পড়ে।

পোস্টে তিনি লিখেছেন, সন্তানের পুরো শরীরে হাম ছড়িয়ে পড়ায় তার হাসি এখন কান্নায় বদলে গেছে।

পোস্টে তিনি দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করে বলেন, হামের টিকার সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তার দাবি, টিকা যথেষ্ট পরিমাণে সংগ্রহ না করায় দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে।

তিনি আরও লেখেন, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে সন্তানদের এ ধরনের রোগে আক্রান্ত হতে হচ্ছে, এমন অনুভূতি থেকেই তিনি আবেগপ্রবণ মন্তব্যটি করেছেন।

পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এতে টিকা ঘাটতির প্রসঙ্গও উঠে এসেছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকা সরবরাহ, টিকাদান কর্মসূচি এবং রোগ প্রতিরোধ পরিস্থিতি বহুস্তরীয় ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, যা নিয়ে আলাদা করে পর্যালোচনা প্রয়োজন।

উল্লেখ্য, বাংলাদেশে হামের টিকা কাভারেজ ৯০-৯৫ শতাংশের নিচে নামলে সংক্রমণের ঝুঁকি বাড়ে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন।

/এমআর/

বিষয়:

টিকাহাম