শিরোনাম

প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলীয় ঐক্যের প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর নির্বাচনী জনসভায় বক্তব্য দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ (ছবি:সংগৃহীত)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘এই নির্বাচনের জন্য বহু রক্ত ঝরেছে, অনেক স্ত্রী তাঁর স্বামী হারিয়েছেন, অনেক মা তাঁর সন্তান হারিয়েছেন। তাই আসন্ন নির্বাচনে প্রশাসন জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আবারও একটি ৫ আগস্ট হবে।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত তিনটি নির্বাচনে পুলিশ, প্রশাসনকে সামনে রেখে দিনের ভোট রাতে হয়েছে, মরা মানুষ এসে ভোট দিয়েছে, যার ফল হিসেবে ৫ আগস্ট হয়েছে। তবে প্রশাসনের অনেকে চায় একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিকেরা ক্ষমতায় আসুক। কিন্তু কিছু লোভী বেনজীর, হারুন আর বিপ্লবের উদয় হয়েছে। তাদের বিগত সময় থেকে শিক্ষা নিতে হবে।

চাঁদাবাজি ও টেন্ডারবাজির অবৈধ টাকা নির্বাচনে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে এনসিপি নেতা বলেন, ‘গত দেড় বছরে চাঁদাবাজি, টেন্ডারবাজির টাকা এখন নির্বাচনে আনা হচ্ছে। সে ক্ষেত্রে ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে তাঁরা টাকার কাছে গোলামি স্বীকার করবেন নাকি, সঠিক ভোটাধিকার প্রয়োগ করে পাঁচ বছরের জন্য মালিক হবেন। তবে আমরা জনগণের ওপর বিশ্বাস রাখতে চাই, তাঁরা ১২ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবেন।’

ওই নির্বাচনী জনসভায় নবীনগর উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমানের সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার আমির মো. মোবারক হোসাইন।

/বিবি/