শিরোনাম

ঝিনাইদহে এক ঘণ্টায় ১৫ সড়ক দুর্ঘটনা, আহত ৩০

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে এক ঘণ্টায় ১৫ সড়ক দুর্ঘটনা, আহত ৩০
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

ঝিনাইদহের কালীগঞ্জের কোলা সড়কে বৃষ্টির পানিতে মাটি কাদায় পরিণত হওয়ায় এক ঘণ্টার ব্যবধানে প্রায় ১৫টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোলা সড়কের খ্রিস্টান মিশনের সামনে প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে সড়কের ওপর ছড়িয়ে থাকা মাটি বৃষ্টির পানিতে ভিজে অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে। ফলে ওই পথে চলাচলকারী মোটরসাইকেল,

ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, আগের রাতে পাশের একটি মাঠ থেকে ট্রাকে করে মাটি পরিবহনের সময় উল্লেখযোগ্য পরিমাণ মাটি সড়কের ওপর পড়ে থাকে। শনিবারের বৃষ্টিতে সেই মাটি কাদায় পরিণত হলে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং দুর্ঘটনার সূত্রপাত ঘটে। দুর্ঘটনা অব্যাহত থাকায় উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করে কাদা অপসারণের অনুরোধ জানানো হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, যিনি সড়কে মাটি ফেলে এ অবস্থার সৃষ্টি করেছেন, তাকেই তা পরিষ্কার করতে হবে। তার পরিচয় বা মোবাইল নম্বর সংগ্রহ করে দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসবি/