শিরোনাম

এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০

সিটিজেন ডেস্ক
এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০
ছবি: সিটিজেন গ্রাফিক্স

যত দিন যাচ্ছে সড়কে ততই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। গত এপ্রিলে সারাদেশে ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১,২৬৮ জন।

বুধবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

এপ্রিল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে চট্টগ্রাম বিভাগে, ১৩৫টি। এসব দুর্ঘটনায় ১৩৭ জন নিহত ও ২৬৩ জন আহত হয়েছেন। আর সবচেয়ে কম দুর্ঘটনা সংঘটিত হয়েছে ময়মনসিংহ বিভাগে, ১৭টি। এসব দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন।

সংগঠনটি জানায়, দেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে মনিটরিং সেল এ তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রকৃত হতাহতের ঘটনা আরও কয়েকগুণ বাড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১০৬ জন চালক, ৮২ জন পথচারী, ৪৭ জন পরিবহন শ্রমিক, ৮১ জন শিক্ষার্থী, ১২ জন শিক্ষক রয়েছেন। এছাড়াও ৬৩ জন নারী, ৫৪ জন শিশু, ৩ জন চিকিৎসক, ১ জন সাংবাদিক, ১ আইনজীবী এবং ৯ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছিলেন।

এপ্রিলে সংঘটিত দুর্ঘটনার মধ্যে ৩৮ দশমিক ৫১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩১ দশমিক ৪৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২২ দশমিক ৯৬ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়া সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫ দশমিক ৬৯ শতাংশ ঢাকা মহানগরীতে, ০ দশমিক ৭৫ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০ দশমিক ৫৬ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

এসব দুর্ঘটনার একাধিক কারণ উল্লেখ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে দেশের সড়ক-মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা অবাধে চলাচলকে দায়ী করা হয়েছে। এছাড়া জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কবাতি না থাকা, রেলক্রসিংয়ে হঠাৎ বাস উঠে আসার কারণেও দুর্ঘটনা ঘটছে। মহাসড়কের নির্মাণ ত্রুটি, যানবাহনের নানাবিধ ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা উল্টোপথে যানবাহনের কারণেও সড়ক দুর্ঘটনা ঘটেছে।

/জেএইচ/