শিরোনাম

খামেনির জানাজা শেষে দেশে ফিরেছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
খামেনির জানাজা শেষে দেশে ফিরেছেন স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (মাঝে)

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রবিবার (৫ জুলাই) রাত ১১টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে, গত ২ জুলাই জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার। সেখানে সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় জানাজায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় বাংলাদেশের জন্যে তেলাওয়াত করা হয় সূরা আল আহযাবের ২৩ নম্বর আয়াত।

যার বাংলা অর্থ, ‘মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার সত্যে পরিণত করেছে। তাদের কেউ কেউ (শাহাদাতবরণ করে) নিজেদের শপথ পূর্ণ করেছে, আর কেউ কেউ (শাহাদাতের) প্রতীক্ষায় আছে। এবং তারা তাদের অঙ্গীকারে সামান্যতমও পরিবর্তন করেনি।’

খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন স্পিকার। তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সুবিধাজনক সময়ে তাকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি শাহাদাত বরণ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর।

/জেএইচ/