শিরোনাম

ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতদের মাসিক সম্মানী নির্ধারণ, কে কত পাবেন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতদের মাসিক সম্মানী নির্ধারণ, কে কত পাবেন
ছবি: সিজেডএন গ্রাফিক্স

দেশের ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানির হার নির্ধারণ করেছে সরকার। নতুন নীতিমালায় মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিরা ৩ ক্যাটাগরিতে সম্মানী পাবেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে।

৩ ক্যাটাগরিতে কারা কত সম্মানী পাবেন

প্রথম ক্যাটাগরিতে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং গির্জার যাজক বা পালকদের প্রধান ধর্মীয় ব্যক্তি হিসেবে বিবেচনা করে মাসে ৫ হাজার টাকা সম্মানী দেওয়া হবে।

দ্বিতীয় ক্যাটাগরিতে মসজিদের মুয়াজ্জিন, মন্দিরের সেবাইত, বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ এবং গির্জার সহকারী যাজক বা পালককে সহকারী ধর্মীয় ব্যক্তি হিসেবে বিবেচনা করে মাসে ৩ হাজার টাকা সম্মানী দেওয়া হবে।

আর তৃতীয় ক্যাটগরিতে মসজিদের খাদেমরা মাসে ২ হাজার টাকা সম্মানী পাবেন।

যেভাবে অর্থ দেওয়া হবে

প্রতি মাসে সুবিধাভোগীদের ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে এই সম্মানী দেওয়া হবে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে অর্থ পাঠানো হবে। অর্থ বিভাগের আইবাস++ ব্যবস্থার মাধ্যমে এর প্রক্রিয়াকরণ করা হবে।

এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত প্রতিটি মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের জন্য একটি পরিচিতি নম্বর দেওয়া হবে। পরবর্তীতে এটিই একক পরিচিতি নম্বর হিসেবে বিবেচিত হবে।

তদারকি করবেন কারা

সিটি কর্পোরেশন এলাকায় প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ও পৌরসভা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মানী প্রদান কার্যক্রম তদারকি করবেন।

কোনো সুবিধাভোগী কর্মচ্যুত হলে বা স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিলে এবং তার স্থলে নতুন কাউকে নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট উপাসনালয়ের ব্যবস্থাপনা কমিটিকে বিষয়টি কমিটিকে জানাতে হবে। যাচাই-বাছাই শেষে সম্মানিভোগীর তথ্য হালনাগাদ করে ডাটাবেজে প্রতিস্থাপন করা হবে।

/জেএইচ/