শিরোনাম

বাংলাদেশ-ভারতের বন্ধন গভীরভাবে জড়িয়ে আছে: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-ভারতের বন্ধন গভীরভাবে জড়িয়ে আছে: দীনেশ ত্রিবেদী
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের বন্ধন গভীরভাবে জড়িয়ে আছে। অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ভিত্তিতে দুইদেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ভারতের স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। পরে সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ বাণী পাঠ করে শোনানো হয়। এসময় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে ভারতীয় হাইকমিশনার বলেন, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব এগিয়ে যাচ্ছে। একইসঙ্গে বাণিজ্য ও সংস্কৃতির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতেও বাংলাদেশের সঙ্গে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।

দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ওপর প্রতিষ্ঠিত সম্পর্ককেই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল শক্তি হিসেবে উল্লেখ করেন দীনেশ ত্রিবেদী।

ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও জানান তিনি।

/এফসি/