শিরোনাম

সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ স্পিকারের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ স্পিকারের
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংসদ টিভি

জাতীয় সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়। তাদের সংসদে উপস্থিত থেকে সদস্যদের বক্তব্য শোনা উচিত।

মঙ্গলবার (২৩ জুন) সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়টি উত্থাপন করলে জবাবে স্পিকার এ কথা বলেন।

সংসদ সভাপতি বলেন, বাজেট অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সংসদ সদস্যরা বক্তব্য দেন। এ কারণে সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিত থেকে সেসব বক্তব্য শোনা এবং সম্ভব হলে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

সরকারদলীয় চিফ হুইপের উদ্দেশে স্পিকার বলেন, আপনি মাননীয় মন্ত্রীদেরকে বলবেন তারা যেন সংসদে যথাসময় আসেন। সংসদ সদস্যরা তাদের মন্ত্রণালয়-সম্পর্কিত যেসব কথা বলেন, সেগুলোর ব্যাপারে তারা অন্তত শুনবেন এবং যদি সম্ভব হয় তার প্রতিকার করার চেষ্টা করবেন।

এদিন বিকাল ৩টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও কয়েক মিনিট দেরিতে শুরু হয়। সাড়ে ৩টা পর্যন্ত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনকে দেখা যায়নি।

/এফসি/