শিরোনাম

স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অফিস করবেন বঙ্গভবনে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অফিস করবেন বঙ্গভবনে
বঙ্গভবন

বঙ্গভবনে নিজের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে সেখানে বসবাস করবেন না তিনি।

শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এই তথ্য জানান।

হাফিজ উদ্দিন আহমদ জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বপালনকালে তিনি জাতীয় সংসদ ভবনে স্পিকারের বাসভবনেই বসবাস করবেন।

এর আগে, গতকাল শুক্রবার বিকাল থেকেই জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং তার চারপাশে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা বহাল হয়েছে।

এদিন মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রবিবারের (২৬ জুলাই) কর্মসূচি বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, রবিবার সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং সাড়ে ১২টায় শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।

/এফআর/