শিরোনাম

চালু হলো ‘নির্বাচন বন্ধু’ হটলাইন ৩৩৩

নিজস্ব প্রতিবেদক
চালু হলো ‘নির্বাচন বন্ধু’ হটলাইন ৩৩৩
ভোটাররা ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থানসহ বিভিন্ন বিষয়ে জানতে পারবেন জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে। ছবি: সংগৃহীত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরিকদের জন্য সঠিক, নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য নিশ্চিত করতে বিশেষ তথ্যসেবা চালু করেছে সরকার। বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআইয়ের উদ্যোগে জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে।

দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি নম্বর ৩৩৩-এ কল করে ৯ চাপলে নাগরিকরা সহজেই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন।

হটলাইন সেবার আওতায় ভোটাররা ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট প্রদানের নিয়মসহ বিভিন্ন বিষয়ে জানা যাবে। পাশাপাশি প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা, জরুরি নির্দেশনা এবং প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কেও তথ্য পাওয়া যাবে।

এ ছাড়া দেশের যেকোনো নির্বাচনী এলাকার নির্বাচনসংক্রান্ত জরুরি বার্তা, অভিযোগ, সতর্কবার্তা কিংবা পরামর্শ জানাতে নির্বাচন বন্ধু হটলাইন ৩৩৩-এ যোগাযোগ করা যাবে। এসব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় জরুরি পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।

/এসএ/