শিরোনাম

মাসের প্রথম শনিবার ক্লিনিং ডে ঘোষণা ডিএসসিসির

সিটিজেন ডেস্ক
মাসের প্রথম শনিবার ক্লিনিং ডে ঘোষণা ডিএসসিসির
সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক মোঃ আবদুস সালাম। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালান করার ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোঃ আবদুস সালাম। ঘোষণা অনুযায়ী, মে মাসের ৯ তারিখ প্রথমবারের মতো ক্লিনিং ডে পালন করা হবে।

আজ সোমবার (৪ মে) সকালে রাজধানীর গুলিস্তানে নগর ভবনের সম্মেলন কক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই আমাদের প্রধান অস্ত্র। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকরা যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখেন, তবেই মশাবাহিত রোগ নির্মূল করা সম্ভব। মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির কার্যক্রমে বিন্দুমাত্র গাফিলতি সহ্য করা হবে না।’

এসময় তিনি উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের বাণিজ্যিক প্রচারণার পাশাপাশি জনস্বার্থে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচারের আহ্বান জানান।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিএসসিসি এলাকার সকল সরকারি প্রতিষ্ঠান, কোয়ার্টার, শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ-মাদ্রাসা), রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটসমূহে স্ব-স্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা হবে।

এছাড়া প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি আরও বেগবান করতে ডিএসসিসির নেতৃত্বে সকল সরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং নাগরিকরা এই কর্মসূচি পালন করবে। সভায় মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের মান, প্রয়োগ পদ্ধতি, তদারকি এবং কর্মীদের প্রশিক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

/এমআর/