শিরোনাম

ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত
জাতীয় পতাকা উত্তোলন করছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার

যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে দেশটির স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দেশটির জাতীয় সংগীতের সুরে হাইকমিশনার ইমরান হায়দার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসরত বিপুল সংখ্যক পাকিস্তানি কমিউনিটি, বাংলাদেশি বন্ধু, শুভানুধ্যায়ী, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা ইকবাল ও পাকিস্তান আন্দোলনের কর্মীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে স্বাধীনতার পর পাকিস্তানের শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি, ক্রীড়া ও প্রতিরক্ষা খাতে অগ্রগতির কথা তুলে ধরে ঐক্য, বিশ্বাস ও শৃঙ্খলার নীতিতে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্যাগের প্রশংসা করা হয়।

অনুষ্ঠানে পাকিস্তানের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এ ছাড়া পাকিস্তানের ঐতিহাসিক স্থাপনা নিয়ে রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

/এসবি/