ঢাকার ৫ সেরা খিচুড়ি

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক
ঢাকার ৫ সেরা খিচুড়ি
খিচুড়ি। ছবি: সংগৃহীত

আকাশ মেঘলা করে টিপটিপ বৃষ্টি শুরু হলেই বাঙালির রসনাভীতি যেন এক লাফে কয়েক গুণ বেড়ে যায়। আর এই ঝুম বৃষ্টির দুপুরে কিংবা সন্ধ্যায় ধোঁয়া ওঠা এক প্লেট ভুনা খিচুড়ির চেয়ে তৃপ্তিদায়ব্কল আর কী-ই বা হতে পারে! আচারের টক-ঝাল ফ্লেভার, গরুর কালা ভুনা কিংবা কড়কড়ে ভাজা ইলিশ—খিচুড়ির সঙ্গী যাই হোক না কেন, তৃপ্তিতে কোনো কমতি থাকে না। বৃষ্টির এই আমেজকে আরও জমজমাট করতে ঢাকার জনপ্রিয় ৫টি খিচুড়ির ঠিকানা জেনে নিন—

নানু’স ফুড ফ্যাক্টরি (আচারি খিচুড়ি)

বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন নানু’স ফুড ফ্যাক্টরিতে মিলবে খাঁটি আচারের মসলায় রান্না করা সুস্বাদু আচারি খিচুড়ি। ঝাল ও মসলার নিখুঁত ভারসাম্যে তৈরি এই খিচুড়ির সঙ্গে পরিবেশন করা হয় ডিমের অমলেট। আপনার পছন্দ অনুযায়ী সঙ্গে নিতে পারেন বিফ কষা, আলুর ঝোলে মুরগি, গরুর কালা ভুনা, ইলিশ দো পেঁয়াজা কিংবা আচারি বেগুন। মান ও আইটেম ভেদে খরচ পড়বে ২৩০ থেকে ৩৬০ টাকার মধ্যে।

কুকার্স সেভেন (ঐতিহ্যবাহী ভুনা খিচুড়ি)

কারওয়ান বাজারের পুরোনো ও অত্যন্ত পরিচিত নাম কুকার্স সেভেন। নানা ধরনের খাবার থাকলেও এখানকার খিচুড়ির নামডাক সবচেয়ে বেশি। তাদের ‘স্পেশাল হিলশা ভুনা খিচুড়ি’র সঙ্গে মেলে গরু বা মুরগির মাংস, যার দাম ৪০০ টাকা। এছাড়া সাধারণ গরু বা মুরগির ভুনা খিচুড়ি পাওয়া যায় ১৮০ থেকে ২৪০ টাকায়। একটু ভিন্ন স্বাদ চাইলে চেখে দেখতে পারেন তাদের স্পেশাল সবজি কিংবা রূপচাঁদা খিচুড়ি।

অষ্ট ব্যঞ্জন (কালা ভুনা খিচুড়ি)

পুরো প্লেটারজুড়ে সুস্বাদু আয়োজন চাইলে চলে যেতে পারেন কাঁটাবন বা পান্থপথের ‘অষ্ট ব্যঞ্জন’-এ। মাত্র ২০০ টাকায় তাদের কালা ভুনা খিচুড়ি প্ল্যাটারে পাবেন ১২ টুকরো সুস্বাদু গরুর মাংস, ফ্রেশ সালাদ এবং এক গ্লাস ঠাণ্ডা বোরহানি। স্বাদে ও দামে এটি বেশ সাশ্রয়ী এক পছন্দ।

ভোজ (আচারি ও স্পেশাল খিচুড়ি)

সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির কাছে অবস্থিত ‘ভোজ’ রেস্তোরাঁটি খিচুড়ি প্রেমীদের অন্যতম প্রিয় স্থান। বড় কাচের বাটিতে গরম গরম খিচুড়ির সাথে ডিম এবং পছন্দমতো গরু, খাসি, হাঁস, মুরগি কিংবা ইলিশ পরিবেশন করা হয়। সাথে আলাদা বাটিতে মেলে সিরকায় ভেজানো পেঁয়াজ, ধনেপাতা-পুদিনার চাটনি ও লেবু। এই রাজকীয় পরিবেশনের খিচুড়ির দাম পড়বে ২২৫ থেকে ৪০০ টাকা।

প্রিমিয়াম সুইটস (কালা ভুনা-আচারি খিচুড়ি)

সবাই শক্ত ভুনা খিচুড়ি পছন্দ করেন না; যারা একটু মাখা মাখা বা পাতলা খিচুড়ি বেশি ভালোবাসেন, তাদের জন্য দারুণ পছন্দ হতে পারে প্রিমিয়াম সুইটসের ‘কালা ভুনা-আচারি খিচুড়ি’। প্রিমিয়াম কোয়ালিটি ও বিশেষ স্বাদের এই খিচুড়ি প্ল্যাটারটির দাম পড়বে ৭০০ টাকার কাছাকাছি।

/এবি/