শিরোনাম

দীর্ঘদিনের মার্কিন হুমকি ইরানকে আত্মবিশ্বাসী করেছে

সিটিজেন ডেস্ক
দীর্ঘদিনের মার্কিন হুমকি ইরানকে আত্মবিশ্বাসী করেছে
ছবি: সংগৃহীত

তেহরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও, যুক্তরাষ্ট্রের সঙ্গে মূল ইস্যুগুলোতে এখনো উল্লেখযোগ্য মতপার্থক্য রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের থিঙ্ক ট্যাঙ্ক ডিপ্লোহাউসের পরিচালক হামিদ রেজা গোলামজাদেহ এ বিষয়ে এমনই মন্তব্য করেছেন।

তার মতে, উভয় পক্ষই সংলাপের প্রতি ইতিবাচক মনোভাব দেখালেও বাস্তব অগ্রগতির পথে এখনো বেশ কিছু জটিলতা বিদ্যমান। গোলামজাদেহ বলেন, ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সামরিক বিকল্পকে আলোচনার অংশ হিসাবে সামনে রেখেছিল—যা গত দুই দশক ধরে এক ধরনের স্থায়ী চাপ হিসেবে কাজ করেছে এবং সাম্প্রতিক যুদ্ধে তা বাস্তবেও প্রতিফলিত হয়েছে।

তিনি আরও জানান, এই পরিস্থিতি তেহরানের আত্মবিশ্বাসকে উল্টো আরও জোরালো করেছে। ‘ইরান মনে করে, তারা এই দীর্ঘ সময়ের চাপ ও হুমকির মধ্যেও টিকে থাকতে পেরেছে—আর সেটিই এখন আলোচনার টেবিলে তাদের অবস্থানকে শক্তিশালী করছে,’ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান থেকে এ কথা বলেন তিনি।

গোলামজাদেহর বিশ্লেষণে উঠে আসে, দুই দশক ধরে চলা সামরিক হুমকি মোকাবিলা করার পর এখন আর চাপের মুখে ছাড় দেওয়ার তেমন কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না ইরান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রও নিজস্ব সীমাবদ্ধতার মুখোমুখি বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটন সহজে কোনো অবস্থান থেকে সরে আসতে চায় না, বিশেষ করে সামরিক অভিযানে ব্যর্থতার ইঙ্গিত রয়েছে—এমন স্বীকারোক্তি দিতে তারা অনাগ্রহী।

/এমআর/