আল-আকসা মসজিদে নেতানিয়াহুর প্রার্থনা, হামাসের নিন্দা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আল-আকসা মসজিদে নেতানিয়াহুর প্রার্থনা, হামাসের নিন্দা
আল আকসা মসজিদ প্রাঙ্গণ

মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হাজির হয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও তিনি সরাসরি মসজিদের ভেতরে প্রবেশ করেননি, তবে প্রাঙ্গণের বাইরে অবস্থিত ওয়েস্টার্ন ওয়ালে দাঁড়িয়ে প্রার্থনা সেরেছেন। পবিত্র ইয়ুম কিপ্পুর উপলক্ষ্যে তার এ যাত্রায় অংশ নেন আরও কয়েক হাজার ইসরায়েলি ইহুদি।

আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, কেবল নেতানিয়াহু একা নন, তার মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীও এদিন আল-আকসা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

ইহুদিদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ওয়েস্টার্ন ওয়াল অত্যন্ত পবিত্র একটি স্থান। খ্রিষ্টপূর্ব ১৯ অব্দে হ্যারড দ্য গ্রেট দ্বিতীয় মাউন্ট টেম্পল নির্মাণ করেছিলেন। ৭০ খ্রিষ্টাব্দে রোমানরা সেটি গুঁড়িয়ে দেয়। তবে সেই টেম্পলের ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিম দেওয়ালটি অক্ষত থেকে যায়। নিজেদের ধ্বংসপ্রাপ্ত মন্দিরের স্মরণে আজও ইহুদিরা এ দেয়ালে এসে প্রার্থনা করেন।

অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, ওয়েস্টার্ন ওয়াল আল-আকসা মসজিদেরই একটি অবিচ্ছেদ্য অংশ। ইসলাম ধর্মের ইতিহাস অনুযায়ী, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর বাহন বুরাক মিরাজের রাতে এখানেই বাঁধা হয়েছিল। অতীতে ইহুদিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও ২০০৩ সাল থেকে ইসরায়েলিরা সেখানে অবাধে যাতায়াতের সুযোগ পাচ্ছে।

ইয়ুম কিপ্পুর উপলক্ষ্যে ওয়েস্টার্ন ওয়ালে দাঁড়িয়ে নেতানিয়াহু কেবল প্রার্থনা করেই ক্ষান্ত হননি। গাজায় গণহত্যা চালানো ইসরায়েলি সেনাবাহিনীর মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনাও করেছেন তিনি। একইসঙ্গে ইসরায়েলিদের ইহুদি নতুন বছরের শুভেচ্ছা জানান। নেতানিয়াহুর এমন উসকানিমূলক উপস্থিতির তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা জানায়, আল-আকসা মসজিদ মুসলিমদের। এখানে ইহুদিরা নিজেদের অধিকার চাপিয়ে দিতে পারে না।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/