শিরোনাম

হরমুজ ইস্যুতে ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র-ইরান

সিটিজেন ডেস্ক
হরমুজ ইস্যুতে ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা এখন এক ধরনের বিপজ্জনক অচলাবস্থায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরান কেউই নিজেদের অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত নয়, ফলে সংকট নিরসনের পথ আরও জটিল হয়ে উঠছে।

কাতার বিশ্ববিদ্যালয়র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারি অধ্যাপক আবদুল্লাহ বান্দার আল-ইতাইবি এ বিষয়ে বলেন, দুই পক্ষের অনড় অবস্থানের কারণেই কার্যত এক ধরনের ‘স্থবিরতা’ তৈরি হয়েছে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এখন এমন এক পরিস্থিতির মুখোমুখি, যেখানে কোনো পক্ষই পিছু হটতে রাজি নয়। উভয়েই এমন একটি উন্নত চুক্তি চায়, যেটিকে নিজেদের জনগণের কাছে বড় অর্জন হিসেবে তুলে ধরা যাবে।’

তার মতে, সমস্যার মূল জায়গাটি এখানেই। কারণ যুক্তরাষ্ট্র ও ইরান—দুই পক্ষই নিজেদের অবস্থানকে শক্তিশালী এবং বিজয়ী মনে করছে। ফলে বাস্তবসম্মত সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।

আল-ইতাইবি মনে করেন, কার্যকর আলোচনার জন্য উভয় পক্ষেরই কিছুটা ছাড় দেওয়া প্রয়োজন। তবে বর্তমান বাস্তবতায় সেই নমনীয়তার ইঙ্গিত খুব কমই দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘সংঘাত হয় এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে কোনো এক পক্ষ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে, নয়তো এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে মধ্যস্থতা কার্যকর ভূমিকা রাখতে পারবে।’

তিনি আরও বলেন, পুরো সংকটের পেছনে গভীর অবিশ্বাস কাজ করছে। বিশেষ করে ইরানের দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার ঘাটতি এখনো বড় বাধা হয়ে আছে।

আল-ইতাইবির ভাষায়, ‘প্রশ্ন হচ্ছে—কে নিশ্চয়তা দেবে যে ভবিষ্যতে একই ঘটনা আবার ঘটবে না? মধ্যস্থতা চলাকালীন সময়েই যুক্তরাষ্ট্র পুনরায় ইরানের ওপর হামলা চালাবে না, সেই নিশ্চয়তা কোথায়?’

/এমআর/