শিরোনাম

ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, জানা গেলো কারণ

সিটিজেন ডেস্ক
ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, জানা গেলো কারণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই বিস্ফোরণের কারণ জানিয়েছে তেহরান।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, শত্রুদের অবিস্ফোরিত গোলাবারুদ ধ্বংসের কারণে এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে মেহের নিউজ সর্বপ্রথম বিস্ফোরণের সংবাদ প্রকাশ করে। তবে তারা উল্লেখ করে, কী কারণে বিস্ফোরণ হয়েছে সেটি এখনো জানা যায়নি।

ইরানের বন্দর নগরী বন্দর আব্বাস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত কেশম দ্বীপ। হরমুজ প্রণালির প্রবেশদ্বারে অবস্থিত এই দ্বীপটি তেহরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে ইরানের সশস্ত্র বাহিনীর ঘাঁটি রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তেহরান ওয়াশিংটনে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠানোর পর তিনি ইরানের ওপর পুনরায় হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার একটি চুক্তিতে পৌঁছানোর এখন ‘খুব ভালো সম্ভাবনা’ রয়েছে বলেও জানান তিনি।

তবে একদিনের মধ্যেই সুর পাল্টে ইরানে আরেকটি বড় হামলা চালাতে হতে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তেহরানের সঙ্গে শান্তি চুক্তি করতে এই হামলা চালানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: তাসনিম নিউজ, রয়টার্স, মেহের নিউজ, আল জাজিরা

/জেএইচ/