শিরোনাম

ইরানের আরও এক জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
ইরানের আরও এক জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে তেলবাহী ট্যাঙ্কার। ছবি: সংগৃহীত

ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে একটি ইরানি পতাকাবাহী তেলের ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন নৌবাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ অভিযান চালিয়ে ‘এম/টি স্ট্রিম’ নামের ওই ট্যাঙ্কারটি থামিয়ে দেয়।

সেন্ট্রাল কমান্ডের দাবি, ট্যাঙ্কারটি অবরোধ অমান্য করে ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল।

জাহাজ চলাচলের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটিকে সর্বশেষ মালাক্কা প্রণালিতে অবস্থান করতে দেখা গিয়েছিল।

এর আগেও ইরান-সংশ্লিষ্ট বেশ কয়েকটি জাহাজ আটক করে যুক্তরাষ্ট্র। এ ঘটনাকে ‘জলদস্যুতা ও সশস্ত্র ডাকাতি’ হিসেবে আখ্যায়িত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: মিডল ইস্ট আই

/জেএইচ/