শিরোনাম

ওমান উপকূলে জাহাজে হামলা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ওমান উপকূলে জাহাজে হামলা
হরমুজ প্রণালিতে জাহাজ

ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষর এবং দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই ওমান উপকূলে একটি জাহাজে রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে।

যুক্তরাজ্যভিত্তিক জাহাজ চলাচল ও পর্যবেক্ষণবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, ওমানের উপকূলের কাছে একটি ট্যাংকারে অজ্ঞাত স্থান থেকে একটি প্রজেক্টাইল ছোড়া হয়েছে। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। হামলার সময় জাহাজটি দক্ষিণমুখে চলছিল। উপকূল থেকে ৮ নটিক্যাল মাইল পূর্বে এ হামলার ঘটনা ঘটে।

প্রজেক্টাইলটি ট্যাঙ্কারের বাম পাশে আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ।

এর আগে যুক্তরাজ্য ও ফ্রান্সের হরমুজে স্বাধীনভাবে জাহাজ চলাচল নিশ্চিতের তৎপরতা চালালে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ইরানের সামরিক কমান্ডের অনুমোদিত পথ ছাড়া অন্য কোনো পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা হলে ‘কঠোর জবাব’ দেওয়া হবে।

দেশটির সামরিক কমান্ড জানিয়েছিল, হরমুজ প্রণালিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নির্ধারিত পথ থেকে বিচ্যুত হওয়া বা নৌ চলাচলের প্রোটোকল অমান্য করার যেকোনো ঘটনার বিরুদ্ধে সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেবে। এ নির্দেশনা অমান্যকারী জাহাজগুলোর নিরাপত্তার কোনো নিশ্চয়তা দেওয়া হবে না।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতির জানায়, বাহরাইনে একটি নিরাপত্তা সংলাপের আয়োজন করা হয়েছে। এতে আঞ্চলিক নেতারা প্রণালিটিতে বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করেছেন। এর পরই ওই হুঁশিয়ারি দেয় তেহরান।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি গত বৃহস্পতিবার সেন্টকমের বিবৃতির তীব্র সমালোচনা করে বলেন, এই ফোরাম পারস্য উপসাগরে আইনি শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারে না।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হস্তক্ষেপ বন্ধ করা, মার্কিন সেনা প্রত্যাহার, দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং নতুন ভূরাজনৈতিক বাস্তবতা মেনে নেওয়ার মাধ্যমেই এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। যুক্তরাষ্ট্রের সামরিক ছত্রছায়ায় এসব সমস্যার সমাধান সম্ভব নয় বলেও জানান তিনি।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/