শিরোনাম

ইরানের তেল রপ্তানি বন্ধে ১৫ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের তেল রপ্তানি বন্ধে ১৫ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
তেলবাহী জাহাজ। ছবি: এআই জেনারেটেড (ফাস্টপোস্ট)

আলোচনার মধ্যেই ইরানের তেল ও পেট্রোলিয়াম বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪টি জাহাজ, ১৫টি প্রতিষ্ঠান এবং দুই ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ।

ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়, এসব জাহাজ ইরানের কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনে জড়িত ছিল। একইসঙ্গে তারা গোপন ও বিভ্রান্তিকর শিপিং কার্যক্রম পরিচালনা করে বৈধ বাণিজ্য এবং অন্যান্য জাহাজের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি, অনুমতি ছাড়া কোনো মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে লেনদেন করতে পারবে না।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। ওমানের মাসকাটে অনুষ্ঠিত ওই আলোচনা আপাতত শেষ হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে ভবিষ্যতে আবার আলোচনা হতে পারে।

এদিকে ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি।’

সূত্র: ফাস্টপোস্ট

/জেএইচ/