শিরোনাম

হরমুজে নতুন রুট চালুর চুক্তি ওমান-ইরানের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজে নতুন রুট চালুর চুক্তি ওমান-ইরানের
হরমুজ প্রণালি

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৭ মাইল প্রশস্ত একটি অস্থায়ী ট্রানজিট রুট স্থাপনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তবে এ পদক্ষেপকে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার সংকেত হিসেবে না দেখতে সতর্কবার্তা দিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী। ইরানি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ওমানের সঙ্গে সম্মত হওয়া এ রুটটি প্রবেশের সময় ইরানের জলসীমার মধ্য দিয়ে যাবে এবং প্রস্থানের পথের একটি অংশও তাদের জলসীমার ভেতরেই থাকবে।

নতুন এ পথটি নিয়ে গরিবাবাদী বলেন, হরমুজ প্রণালিতে ওমানের সঙ্গে ট্রানজিট রুটের প্রস্থ ৭ মাইল। তিনি জানান, একটি স্থায়ী রুট এবং প্রণালিটি দিয়ে জাহাজ যাতায়াতের ভবিষ্যৎ ব্যবস্থা নির্ধারণ করতে ইরান ও ওমান ৩০ থেকে ৬০ দিন ধরে আরও আলোচনা চালিয়ে যাবে।

এদিকে প্রণালিটি দিয়ে ইতোমধ্যে জাহাজ যাতায়াত শুরু হয়ে গেছে বলে বাজারে ওঠা খবর পুরোপুরি উড়িয়ে দিয়েছেন এ ইরানি কর্মকর্তা। তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং এর ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। তেহরান এ প্রণালিটিকে তাদের জাতীয় নিরাপত্তার মৌলিক ভিত্তি হিসেবে দেখে এবং সার্বভৌম স্বার্থ রক্ষায় যেকোনো পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করে গরিবাবাদী জানান, কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরতে হলে ওয়াশিংটনকে প্রথমে ইসলামাবাদ সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি মানতে হবে। হরমুজ প্রণালি পুনরায় খোলার কোনো পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার লঙ্ঘিত সমস্ত প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সব ফ্রন্টে যুদ্ধের অবসান, অর্থনৈতিক ও সামরিক অবরোধ প্রত্যাহার এবং ইয়েমেনের মর্যাদাপূর্ণ সমাধানের বিনিময়েই কেবল হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব বলে উল্লেখ করেন এ ইরানি কর্মকর্তা।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/