শিরোনাম

বিশ্বের জন্য সুসংবাদ আসছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সিটিজেন ডেস্ক
বিশ্বের জন্য সুসংবাদ আসছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স

পরমাণু ও হরমুজ প্রণালি ইস্যুতে গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই বিশ্ববাসীর জন্য সুসংবাদ আসছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

৪ দিনের সফরে বর্তমানে ভারতে আছেন রুবিও। রবিবার (২৪ মে) দেশটির রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজ দিনের শেষে ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে ‌‌‘সুসংবাদ’ আসার সম্ভাবনা রয়েছে।

রুবিও বলেন, ‘আমি মনে করি, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ব কিছু সুখবর পেতে যাচ্ছে।’

হরমুজ প্রণালি ইস্যুতে সাংবাদিকদের তিনি বলেন, প্রস্তাবিত শান্তি চুক্তিতে হরমুজ প্রণালি সংশ্লিষ্ট বিভিন্ন উদ্বেগের সমাধান করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই চুক্তি এমন এক প্রক্রিয়ার শুরু করবে; যা শেষ পর্যন্ত আমাদের সেখানেই নিয়ে যাবে যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের দেখতে চান। আর তা হলো এমন এক পৃথিবী যাকে আর কখনো ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ভয় কিংবা দুশ্চিন্তা করতে হবে না।

ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করাই চুক্তির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক একটি জলপথ এবং তারা এই জলপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলো ধ্বংস করার হুমকি দিচ্ছে; যা আন্তর্জাতিক আইনের যেকোনও ধারণায় অবৈধ।

সূত্র: এনডিটিভি, আল জাজিরা

/জেএইচ/