শিরোনাম

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া হয় নি: ট্রাম্প

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া হয় নি: ট্রাম্প
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ ভ্লাদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্প (ইনসেটে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অত্যাধুনিক এই যুদ্ধপ্রযুক্তি হাতবদলের ক্ষেত্রে ওয়াশিংটনকে খুব সতর্ক থাকতে হবে। সম্প্রতি তুরস্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে এই প্রযুক্তি হস্তান্তরের প্রাথমিক প্রতিশ্রুতি দিলেও, হোয়াইট হাউসে তার উপস্থিতির পর সেই অবস্থান থেকে অনেকটাই সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ক্যাম্প ডেভিড অবকাশযাপন কেন্দ্রে অনুষ্ঠিত এক মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প মার্কিন প্রযুক্তি ভাগাভাগি নিয়ে তার উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি এই পদক্ষেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে জানান, প্রেসিডেন্ট জেলেনস্কি প্যাট্রিয়ট এবং টমাহকের মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চান। তবে উন্নত প্রযুক্তি দেওয়ার ক্ষেত্রে যেকোনো দেশেরই বিচক্ষণ হওয়া উচিত। কারণ, আজ যাদের হাতে প্রযুক্তি তুলে দেওয়া হচ্ছে, কাল তারা স্বয়ং যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না এমন কোন নিশ্চয়তা নেই। তাই আলোচনা চললেও যুক্তরাষ্ট্র এখনো এতে সায় দেয়নি।

অন্যদিকে, রাশিয়া বিমান হামলা জোরদার করায় ইউক্রেনের অস্ত্রাগারে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ দ্রুত ফুরিয়ে আসছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো একমাত্র শক্তি হওয়ায় ইউক্রেন দীর্ঘদিন ধরে নিজেদের মাটিতে প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র যৌথভাবে তৈরির লাইসেন্স পাওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহা স্টেফানিশিনা আশা প্রকাশ করেছেন, প্যাট্রিয়ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ইতোমধ্যে লকহিডের প্রতিনিধিরা জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন এবং বিস্তারিত আলোচনা করতে শিগগিরই ইউক্রেন সফরে যাবেন।

সূত্র: রয়টার্স

/এমএকে/