শিরোনাম

পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

সিটিজেন ডেস্ক
পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

গত কয়েকদিনের রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কিয়ার স্টারমার। সুনির্দিষ্ট সময়েই তিনি পদত্যাগ করবেন বলে ঘনিষ্ঠদের নিজের সিদ্ধান্ত জানিয়েছেন।

রবিবার (১৭ মে) কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

দেশটির মন্ত্রিসভার এক সদস্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন কিয়ার স্টারমার। তবে তিনি নিজের শর্তে এটা করবেন।

সূত্রটি জানায়, বর্তমানে যে রাজনৈতিক দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা চলছে, তা আর টেনে নেওয়া সম্ভব নয় বলে বুঝতে পেরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি এখন মর্যাদার সঙ্গে এবং নিজের পছন্দমতো সময়ে বিদায় নিতে চান। শিগগিরই এই বিষয়ে তার পক্ষ থেকে নির্দিষ্ট সময়সূচি ঘোষণা আসছে।

স্টারমার প্রশাসনের ওপর সাধারণ মানুষের অসন্তোষ বাড়ছে। গত সপ্তাহে যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির বিপর্যয় হয়। এর আগে পিটার মেন্ডেলসনকে নিয়োগ নিয়ে বিতর্ক, শিশু যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে তার সংশ্লিষ্টতা-সবমিলিয়ে স্টারমারের বিরুদ্ধে তার দলের মধ্যেই ব্যাপক অনাস্থা তৈরি হয়েছে।

সর্বশেষ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর অনাস্থা জানিয়ে পদত্যাগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। এ সময় তিনি স্টারমারকে তার বিদায়ের ‘সময়সূচি’ নির্ধারণ করারও আহ্বান জানিয়েছেন।

এদিকে নিজ দলের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও স্টারমারের জনপ্রিয়তায় বড় ধস দেখা গেছে। ইউগভ ইউকের এক জরিপে বলা হয়েছে, বর্তমানে প্রায় ৬৯ শতাংশ ব্রিটিশ নাগরিক লেবার প্রধানমন্ত্রীর ব্যাপারে ‘নেতিবাচক’ মনোভাব পোষণ করেন।

জরিপে আরও বলা হয়েছে, স্টারমার বর্তমানে যুক্তরাজ্যের ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে অজনপ্রিয় প্রধানমন্ত্রী।

এমতাবস্থায় তার দলের এমপিরা আশঙ্কা করছেন, স্টারমারের এই জনপ্রিয়তা হ্রাসের ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে লেবার পার্টির ক্ষমতায় ফেরার পথ রুদ্ধ হতে পারে। এর ফলে দেশটি নাইজেল ফারাজের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল রিফর্ম ইউকের হাতে চলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এমতাবস্থায় মুখ রক্ষার্থে স্টারমারের পদত্যাগ করা উচিত বলে মনে করছেন তারা

সূত্র: ডেইলি মেইল

/জেএইচ/