শিরোনাম

রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১২

সিটিজেন ডেস্ক
রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১২
ইউক্রেনীয় ড্রোন হামলার পর লুহানস্ক পেডাগোজিক্যাল ইউনিভার্সিটির স্টারোবিলস্ক কলেজের একটি ধ্বংসপ্রাপ্ত ভবন। ছবি: রয়টার্স

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ভয়াবহ ড্রোন হামলায় ১২ জন নিহত হয়েছেন। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ (RIA) শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (২২ মে) স্টারোবিলস্ক শহরের ওই ছাত্রাবাসে চালানো হামলাকে একটি সুপরিকল্পিত আক্রমণ বলে দাবি করেছে মস্কো। এ ঘটনার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সামরিক বাহিনীকে উপযুক্ত পাল্টা জবাব ও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সব ধরনের বিকল্প প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। লুহানস্কের রুশ-নিযুক্ত প্রশাসনের প্রধান লিওনিড পাসেচনিক ভুক্তভোগীদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছেন, যার বিবরণ অনুযায়ী নিহতদের বেশিরভাগই ১৯ বছর বয়সী তরুণী।

এদিকে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস (TASS) জানিয়েছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত নয়জন মানুষ আটকা পড়ে আছেন এবং তাদের উদ্ধারে তৎপরতা চলছে। তবে এ হামলার দায় সম্পূর্ণ অস্বীকার করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। কিয়েভের দাবি, তাদের বাহিনী আন্তর্জাতিক মানবিক আইন মেনেই সমস্ত অভিযান পরিচালনা করছে। স্টারোবিলস্কের ওই এলাকায় কোনো বেসামরিক ছাত্রাবাস নয়, বরং রাশিয়ার একটি এলিট ড্রোন কমান্ড ইউনিটকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছে ইউক্রেন।

সূত্র: রয়টার্স

/এমএকে/