ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৪

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৪
ইস্তাম্বুলে জলমগ্ন রাস্তা। ছবি: এনবিসি

টানা দুই দিনের অবিরাম বৃষ্টিতে ভয়াবহ বন্যার মুখে পড়েছে তুরস্কের প্রাণকেন্দ্র ও সবচেয়ে জনবহুল শহর ইস্তাম্বুল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই বন্যাকে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে অভিহিত করেছেন। দুর্যোগপূর্ণ পরিস্থিতির জেরে এ পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।

সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পর্যন্ত মাত্র ৪৮ ঘণ্টার বৃষ্টিপাত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মোট গড় বৃষ্টিকেও ছাপিয়ে গেছে। অতিবৃষ্টির পর পুরো শহর মুহূর্তের মধ্যে যেন এক বিশাল জলাশয়ে পরিণত হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা সিফসি জানান, আমরা জনগণকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। তবে একইসঙ্গে আমরা ১৯৪২ সালের পর সবচেয়ে বড় বন্যা মোকাবিলা করছি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ইস্তাম্বুলের সারিয়ার জেলার একটি ব্রিজের নিচে ৬৬ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। সারিয়ায় আরও তিনজন নিখোঁজ আছেন। এর আগে আরও তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল। এর মধ্যে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

বন্যার ভয়াবহ রূপ ফুটে উঠেছে শহরের বিভিন্ন সড়ক ও অবকাঠামোতে। রাস্তাঘাট থেকে শুরু করে পার্কিং লট- সবই এখন পানির নিচে। প্রবল স্রোতে রাস্তার গাড়িগুলো খেলনার মতো ভেসে গিয়ে সারিয়ারের পাহাড়ি এলাকার এক জায়গায় স্তূপাকারে জমা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/