শিরোনাম

কিয়েভে ৩ দিন হামলা বন্ধের নির্দেশ পুতিনের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কিয়েভে ৩ দিন হামলা বন্ধের নির্দেশ পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন

যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধিদের সফরকে কেন্দ্র করে ইউক্রেনের রাজধানী কিয়েভে তিন দিন হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যস্থতার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জার্ড কুশনার বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন এবং সেখান থেকেই তাদের কিয়েভ যাওয়ার কথা রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেন।

পেসকভ এ প্রসঙ্গে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ও কমান্ডার ইন চিফ তিনদিন কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে তীব্র হয়ে ওঠে। চলমান যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে দুই পক্ষকে আনতে মার্কিন প্রেসিডেন্ট তার দুই প্রতিনিধিকে এ কূটনৈতিক মিশনে পাঠিয়েছেন।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বার্তায় সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে কোনো বিমানহামলা হবে না এবং রাশিয়াকেও তাদের বিমানহামলা বন্ধ করে পরিবেশ তৈরি করতে হবে। যেন আমেরিকানদের সফর ও আলোচনা সঠিকভাবে করা যায়। এর পাশাপাশি স্টিভ উইটকফ ও জার্ড কুশনার ক্রেমলিন থেকে ঠিক কী বার্তা নিয়ে আসেন এবং সেখানে রাশিয়ার মনোভাব কেমন ছিল, ইউক্রেন তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবে বলেও জানান তিনি।

সূত্র: পলিটিকো

/এমএকে/