শিরোনাম

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ৩৭, আহত ৪২

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ৩৭, আহত ৪২
কিয়েভের পশ্চিমাঞ্চলীয় উপশহরের উপর দিয়ে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা যায়

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার ড্রোন হামলায় একটি বিস্ফোরকের গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শনিবার (২৯ আগস্ট) এ তথ্য জানা গেছে। কিয়েভের পশ্চিমাঞ্চলীয় বুচা জেলার মিলা এলাকায় অবস্থিত গুদামটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত ছিল। হামলার পরপরই সেখানে বিস্ফোরণ ঘটে। আগুনের শিখা নিমেষেই ছড়িয়ে পড়ে আশপাশের বাসাবাড়ি ও রেস্তোরাঁয়।

কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কোর মতে, এ তাণ্ডবে অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছেন ৪২ জন। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকা থেকে অন্তত ৩৮০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দিমিত্রিভস্কা গ্রামের মেয়র তারাস দিদিচ।

লোকালয়ে এমন বিপজ্জনক বিস্ফোরক রাখার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, মিলা গ্রামের একটি গুদামে হামলার পর বিস্ফোরণ ঘটে। লোকবসতির এত কাছে গোলাবারুদ সংরক্ষণের কোনো নিয়ম নেই উল্লেখ করে তিনি এ ঘটনায় তদন্তের কথা জানান। ইতোমধ্যে ইউক্রেনের প্রসিকিউটররা গুদামে বিস্ফোরক সামগ্রী সংরক্ষণের বৈধতা এবং প্রয়োজনীয় অনুমতি বা ছাড়পত্র ছিল কি না, তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছেন।

রাশিয়া শুক্রবার (২৮ আগস্ট) গভীর রাত থেকে শনিবার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, এ সময় রুশ বাহিনী অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ও ২৬৭টি ড্রোন ছোড়ে। কিয়েভের অন্যান্য স্থানেও আলাদা হামলায় তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে মাত্র দুই বছরের একটি শিশু রয়েছে। এ ছাড়া কিয়েভের কাছে ১৪ বছর বয়সী এক কিশোরীও প্রাণ হারিয়েছে।

এদিকে ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপলেও ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও তিনজন আহত হন।

সূত্র: আল জাজিরা

/এমএকে/