ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিল হোয়াইট হাউস

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিল হোয়াইট হাউস
স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা স্থাপন করছে ইউক্রেনের সেনা সদস্যরা। ছবি: রয়টার্স

যুদ্ধক্ষেত্রের যোগাযোগ ও ড্রোন অভিযানে ইউক্রেনের ব্যবহৃত সামরিক মানের স্যাটেলাইট ব্যবস্থা সীমিত করার নির্দেশ সরাসরি হোয়াইট হাউসের ভেতর থেকেই এসেছে বলে জানিয়েছেন মার্কিন ও পশ্চিমা কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, পেন্টাগন একটি বিশেষ বার্তা পায়। সেখানে ইউক্রেনীয় বাহিনীর জন্য স্পেসএক্স-এর স্টারশিল্ড পরিষেবার গতি কমানোর নির্দেশ দেওয়া হয়। ইউক্রেনের কর্মকর্তারা অভিযোগ করেছেন, ড্রোনে থাকা স্যাটেলাইট রিসেপ্টরগুলো এখন আর উচ্চ গতিতে কাজ করছে না। ফলে রাশিয়ার ড্রোন প্রতিহত করা এবং হামলা চালানো কঠিন হয়ে পড়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করতে কিয়েভের ওপর চাপ সৃষ্টি করার পরই এ সিদ্ধান্ত সামনে এলো। ট্রাম্পের দাবি, এ হামলার কারণেই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ছে। এটি আমেরিকার নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে এ তথ্য অস্বীকার করে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ কখনো করা হয়নি।

রাশিয়ার সঙ্গে ওয়াশিংটনের ডিজেল চুক্তি এবং ইউক্রেনীয় হামলার পর সম্প্রতি দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। হোয়াইট হাউস থেকে কোনো মন্তব্য না পেলেও ইউক্রেনীয় সূত্রের দাবি, স্যাটেলাইট সুবিধা সীমিত করার এই সিদ্ধান্ত পুরোপুরি হোয়াইট হাউসেরই।

সূত্র: রয়টার্স

/এমএকে/