শিরোনাম

কিমের পরিবার নিয়ে নতুন তথ্য প্রকাশ দক্ষিণ কোরিয়ার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কিমের পরিবার নিয়ে নতুন তথ্য প্রকাশ দক্ষিণ কোরিয়ার
কিম জং উন ও তার কন্যা কিম জু আয়ে

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের উত্তরাধিকারী কে হতে যাচ্ছেন, এ নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে কৌতুহলের শেষ নেই। এতদিন কেবল কিমের মেয়ে কিম জু এ-কে কেন্দ্র করে সব আলোচনা ঘুরপাক খেলেও সেই সমীকরণে এবার যোগ হলো নতুন তথ্য।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) জানিয়েছে, জু আয়ে একা নন। কিম জং উনের সংসারে তার চেয়ে বড় আরও একটি সন্তান রয়েছে। তবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জানানো এই তথ্যে সেই সন্তান ছেলে নাকি মেয়ে, তা এখনো স্পষ্ট করেনি সিউল।

সম্প্রতি রাষ্ট্রীয় ও সামরিক নানা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাবার পাশে কিম জু আয়ের উপস্থিতি বেশ নজর কেড়েছে। বড় বড় সামরিক কুচকাওয়াজ থেকে শুরু করে কৌশলগত ক্ষেপণাস্ত্র মহড়া- সবখানেই বাবার হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে বার্তা দিচ্ছেন তিনি।

সিউলের গোয়েন্দাদের ধারণা, কিম জু আয়েকেই মূলত উত্তর কোরিয়ার পরবর্তী শাসক হিসেবে তিলে তিলে গড়ে তোলা হচ্ছে। ফলে দেশটির ভবিষ্যৎ রাজনীতিতে এ কিশোরী ইতোমধ্যেই বেশ গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করে নিয়েছেন।

অন্যদিকে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে এতদিন ধরে প্রভাব বজায় রেখে চলছেন কিমের ছোট বোন কিম ইয়ো জং। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির শীর্ষ পর্যায়ের এ কর্মকর্তা কার্যত কিম প্রশাসনের মূল মুখপাত্র ও নীতিনির্ধারক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।

বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার দেওয়া ধারালো ও আক্রমণাত্মক ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বারবার নতুন করে উত্তেজনা তৈরি করে। একদিকে মেয়েকে উত্তরসূরি হিসেবে সামনে আনার চেষ্টা, আর অন্যদিকে বোনের শক্ত রাজনৈতিক নিয়ন্ত্রণ সব মিলিয়ে উত্তর কোরিয়ার ক্ষমতার রাজনীতি এখন নতুন রূপ নিচ্ছে।

সূত্র: এনবিসি নিউজ

/এমএকে/