শিরোনাম

ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

পানি বণ্টন নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আবারও চরম উত্তেজনার মুখে পড়েছে। জাতীয় নিরাপত্তা ও পানি প্রাপ্তি হুমকির মুখে পড়লে ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সোমবার (২২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেন, ভারত উদ্বেগজনক গতিতে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছে এবং পানিকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিশেষ করে চেনাব নদীর পানিপ্রবাহ নিয়ে নয়াদিল্লি তথ্য গোপন করছে বলে দাবি করেন তিনি। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, এ বিষয়ে তার কাছে সাম্প্রতিক কোনো হালনাগাদ তথ্য নেই, যদিও অতীতে পাকিস্তানি প্রতিনিধি দলগুলো প্রায় ১১৫ বার ভারতের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছে।

দীর্ঘদিন ধরে চলে আসা ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তিকে কেন্দ্র করেই মূলত দুই দেশের এ বিরোধ নতুন করে চাঙ্গা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া একটি সন্ত্রাসী হামলার পর কূটনৈতিক পদক্ষেপ হিসেবে ভারত এ চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। নয়াদিল্লির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান তাদের ভূখণ্ডে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে কার্যকর লাগাম না টানা পর্যন্ত এ চুক্তি স্থগিতই থাকবে। অন্যদিকে, সিন্ধু অববাহিকার প্রায় ৮০ শতাংশ পানি কৃষিকাজে ব্যবহারের সুযোগ পাওয়ার পরও পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ অব্যবস্থাপনার কারণে দেশটি বর্তমানে তীব্র পানি সংকটে ভুগছে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/