শিরোনাম

জাপানে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত ৬

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জাপানে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত ৬
জাপানের চিবা প্রিফেকচারের ভারী বৃষ্টির পর জলমগ্ন রাস্তা

জাপানে ভারী বৃষ্টিতে চিবা প্রিফেকচার এলাকায় অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় এবং ট্রেন ও বাস চলাচল থমে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো অঞ্চলের পরিবহন ব্যবস্থা। কিয়োডো নিউজের তথ্য অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতিতে জাপানের আবহাওয়া সংস্থা টোকিওর কাছে অবস্থিত চিবা প্রিফেকচারের এক-তৃতীয়াংশের বেশি এলাকায় সর্বোচ্চ লেভেল-৫ ভারী বৃষ্টির সতর্কতা জারি করে। নাগরিকদের প্রাণ বাঁচাতে অবিলম্বে সব ধরনের জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

টানা বৃষ্টির কারণে চিবাজুড়ে রাস্তাগুলো পানিতে ডুবে গেছে। এতে অসংখ্য যানবাহন রাস্তায় আটকে পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। একই সঙ্গে বেশ কয়েকটি এলাকায় তীব্র ভূমিধসের ঝুঁকিতে সর্বোচ্চ সতর্কবার্তা পাঠানো হয়। আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মতে, পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় এক পর্যায়ে চিবা ও ইবারাকি প্রিফেকচারের চার লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দুর্গতদের আশ্রয় দিতে চিবা, ইবারাকি, সাইতামা ও গুনমা প্রিফেকচার জুড়ে ২০০টিরও বেশি জরুরি আশ্রয়কেন্দ্র চালু রাখা হয়েছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, চিবায় মারা যাওয়া ছয়জনের মধ্যে অনেকেই বন্যার পানির তীব্র স্রোতে ভেসে গেছেন এবং কেউ কেউ জলমগ্ন গাড়িতে আটকে প্রাণ হারিয়েছেন। একদিকে গণপরিবহন ব্যাহত হওয়া এবং অন্যদিকে উড়োজাহাজ চলাচল ব্যাহত হওয়ার দরুন প্রায় ৭ হাজার মানুষকে পুরো এক রাত নারিতা বিমানবন্দরে আটকে থাকতে হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে চিবার চুও ওয়ার্ডে মাত্র এক ঘণ্টায় ১১৫ মিলিমিটার (৪.৫ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এ স্বল্প সময়ে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা ওই এলাকায় পুরো আগস্ট মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের প্রায় সমান।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/