শিরোনাম

ইউরোপে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, দাবি রাশিয়ার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইউরোপে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, দাবি রাশিয়ার
ইউরোপে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র ব্যবহারের দাবি করেছে রাশিয়া

ইউরোপকে পারমাণবিক যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহারের ছক কষছে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকারীরা এমনটাই দাবি করেছে রাশিয়া। মস্কোর অভিযোগ, নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থসিদ্ধি করতে ওয়াশিংটন ইউরোপীয় মিত্রদের ভূখণ্ডকে বিপজ্জনক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। সম্প্রতি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত আন্দ্রে বেলোউসভ আন্তর্জাতিক গণমাধ্যম আরটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন।

কূটনৈতিক বিশ্লেষণে বেলোউসভ বলেন, রাশিয়া যেসব সাধারণ বা ছোট আকারের পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, সেগুলো যুক্তরাষ্ট্রের নিজ ভূখণ্ডের জন্য কোনো হুমকি নয়। অথচ আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে ওয়াশিংটন সব ভুলে কেবল রাশিয়ার এ সীমিত পারমাণবিক সক্ষমতা নিয়েই একের পর এক প্রশ্ন তুলছে। রুশ প্রতিনিধি জানান, আসল সত্য ধামাচাপা দিতেই ওয়াশিংটন এ চতুর প্রচারণার আশ্রয় নিয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে এবং গোপনে যে নতুন ক্ষেপণাস্ত্র তৈরির ছক কষছে, বিশ্ববাসীর নজর তা থেকে সরাতেই মস্কোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশল সম্পর্কে বেলোউসভ বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চায় আলোচনার অজুহাতে রাশিয়ার এসব পারমাণবিক অস্ত্রের বিস্তারিত হিসাব জেনে নিতে এবং তা পুরোপুরি ধ্বংস করে দিতে। রাশিয়ার মূল দুশ্চিন্তার জায়গাটি এখানেই। মস্কো যদি নিজের এ প্রতিরক্ষা সুরক্ষাব্যূহ গুটিয়ে নেয়, তবে ইউরোপের মাটিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র হামলা চালানোর পথ শতভাগ সুগম হয়ে যাবে।

মিত্রদের কাঁধে বন্দুক রেখে নিজেদের আখের গোছানোর বিপজ্জনক খেলায় মেতেছে ওয়াশিংটন। এটি ইউরোপের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ। ইউরোপীয় দেশগুলো যেন যুক্তরাষ্ট্রের এ স্বার্থপর চাল দ্রুত উপলব্ধি করে এবং নিজেদের সুরক্ষায় সময় থাকতে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে মস্কো

সূত্র: তাস

/এমএকে/