শিরোনাম

প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

সিটিজেন ডেস্ক
প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলা, নিহত ৩
প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন একটি মাদকবাহী নৌকায় মার্কিন সামরিক বাহিনীর হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। সেপ্টেম্বর থেকে চলমান এ অভিযানে নিহতের সংখ্যা ২০২-এ পৌঁছেছে। শুক্রবার (২৯ মে) চালানো হামলাটি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের তৃতীয় অভিযান।

মার্কিন সাউদার্ন কমান্ডের দাবি, টার্গেট করা নৌযানটি কেবল মাদক পাচারেই যুক্ত ছিল না, বরং এটি একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হচ্ছিল। তবে বরাবরের মতোই নিজেদের দাবির সপক্ষে তারা সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেনি। সামরিক বাহিনীর প্রকাশ করা এবারের ভিডিও ফুটেজে একটি ব্যতিক্রম দেখা গেছে। আগের সাদাকালো ভিডিওর বদলে এবার রঙিন ফুটেজ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে সাগরে ভাসমান একটি ছোট নৌকায় আঘাত হানার পর মুহূর্তেই তা ভয়ংকর অগ্নিগোলকে পরিণত হতে দেখা যায়। এরপরই দৃশ্যপট পরিবর্তিত হয়ে জ্বলন্ত নৌকাটির চারপাশে পানিতে অসংখ্য পার্সেল ও ধ্বংসাবশেষ ভাসতে দেখা যায়।

মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে মাদক বিস্তারের জন্য লাতিন আমেরিকার কার্টেলগুলোকে দায়ী করে তাদের বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ কঠোর নীতির অংশ হিসেবেই ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানগুলোর ওপর ধারাবাহিক হামলা চলছে। গত মঙ্গলবার (২৬ মে) ও বুধবার (২৭ মে) দুটি হামলার ঘটনা ঘটে। লাতিন আমেরিকায় নিযুক্ত শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ফ্রান্সিস এল. ডোনোভানের সরাসরি নির্দেশে শুক্রবারের অভিযানটি পরিচালিত হয়।

সূত্র: দ্য হিল

/এমএকে/