শিরোনাম

‘দেশে থ্যালাসেমিয়ার বাহক দুই কোটি, রোগী ৭০ হাজারের বেশি’

ঢাকা কলেজ সংবাদদাতা
ঢাকা কলেজ সংবাদদাতা
‘দেশে থ্যালাসেমিয়ার বাহক দুই কোটি, রোগী ৭০ হাজারের বেশি’
থ্যালাসেমিয়া নিয়ে আয়োজিত কর্মশালা ও সেমিনারে অতিথিরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ঢাকা কলেজে থ্যালাসেমিয়া সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে দিনব্যাপী কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিটিপিপিডব্লিউএ) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে থ্যালাসেমিয়া প্রতিরোধ, বাহক শনাক্তকরণ এবং বিয়ের আগে রক্ত পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিপিপিডব্লিউএর সভাপতি ও প্রতিষ্ঠাতা কামরুন নাহার মুকুল।

সভাপতির বক্তব্যে কামরুন নাহার মুকুল বলেন, ‘বাংলাদেশে ৭০ হাজারেরও বেশি থ্যালাসেমিয়া রোগী রয়েছে। আর প্রায় দুই কোটি থ্যালাসেমিয়া বাহক রয়েছে। বাহকে-বাহকে বিয়ে হলে সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে দেশে দ্রুত এই রোগের বিস্তার ঘটছে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির উপদেষ্টা এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. বেলায়েত হোসেন।

তিনি বলেন, ‘থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ। বিয়ের আগে রক্ত পরীক্ষা করে বাহক শনাক্ত করা এবং বাহক-বাহক বিয়ে এড়িয়ে চললে থ্যালাসেমিয়া প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। তরুণ প্রজন্মের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার বোঝা থেকে অনেকাংশে রক্ষা করা সম্ভব।’

আয়োজকরা জানান, বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক শনাক্তে রক্ত পরীক্ষা করা অত্যন্ত জরুরি। কারণ একজন বাহকের মধ্যে সাধারণত রোগের তেমন কোনো লক্ষণ দেখা যায় না। ফলে তিনি নিজে বাহক কি না, তা অনেক সময় বুঝতে পারেন না। এ কারণে থ্যালাসেমিয়া সম্পর্কে সঠিক ধারণা দেওয়া, বাহক শনাক্তকরণ এবং বিয়ের আগে রক্ত পরীক্ষার গুরুত্ব তুলে ধরার মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানোই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

কর্মশালায় ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহামুদ, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আক্তারুজ্জামান, বিটিপিপিডব্লিউএর মহাসচিব হাবিবুর রহমান, ঢাকা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক লুৎফুন্নাহার, এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশন এ কে এম জাহিদুল আলম এবং ব্যাংকটির প্রধান ফিন্যানশিয়াল ইনক্লুশন সেলের মো. আনিসুর রহমান মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/