ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড, মৃত্যু ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড, মৃত্যু ৬
এডিস মশা

হামের সঙ্গে এবার দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছর ডেঙ্গুতে একদিনে হাসপাতালে সর্বোচ্চ ভর্তির রেকর্ড।

রবিবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২২৫ জনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৫৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩১১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯৭ জন, খুলনা বিভাগে ৩২৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৩২ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১২ রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চলতি মাসে, এই মাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৮৪৮ জন। এদিকে চলতি বছরে এ পর্যন্ত মোট ৬৮ হাজার ৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৪৬৩ জন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

/এসবি/