শিরোনাম

ঈদে ঘরেই তৈরি করুন গরুর কাচ্চি বিরিয়ানি

নিজস্ব প্রতিবেদক
ঈদে ঘরেই তৈরি করুন গরুর কাচ্চি বিরিয়ানি
চিনিগুড়া চাল দিয়ে গরুর কাচ্চি বিরিয়ানি। ছবি: সংগৃহীত

ঈদ মানেই পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে জমিয়ে খাওয়া-দাওয়া। নানা স্বাদের খাবারের ভিড়ে যদি টেবিলে থাকে গরুর মাংসের সুগন্ধি কাচ্চি বিরিয়ানি, তাহলে আনন্দ যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। এই মুখরোচক সুগন্ধি কাচ্চি বিরিয়ানির রেসিপিটি তুলে ধরা হলো–

উপকরণ

গরুর মাংস ২ কেজি, চিনিগুড়া চাল ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, আদা ও রসুন বাটা ৩ টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, বিরিয়ানি মসলা ১ প্যাকেট, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, টমেটো সস ৩ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টক দই ১ কাপ, পেঁপে বাটা আধা কাপ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ ২-৩টি করে, কাঁচামরিচ ৫-৬টি।

প্রস্তুত প্রণালি

প্রথমে গরুর মাংসে সব বাটা ও গুঁড়া মসলা, দই, বাদাম, পেঁপে বাটা, পেঁয়াজ কুচি, সস এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর প্রায় ৩ ঘণ্টা ঢেকে রেখে দিন।

এদিকে চাল ২০ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ ও লবণ দিন। এরপর এক চা চামচ তেল দিয়ে চাল যোগ করুন। পানি ফুটে উঠলে ঢাকনা খুলে দিন। চাল আধা সেদ্ধ হলে ছেঁকে নিন।

এখন রান্নার পাত্রে ম্যারিনেট করা মাংস সমানভাবে বিছিয়ে দিন। তার ওপর আধা সেদ্ধ ভাত ছড়িয়ে দিন। এরপর বেরেস্তা, কাঁচামরিচ, কিশমিশ, ঘি ও গুঁড়া দুধ ছিটিয়ে দিন। শেষে আধা কাপ পানি ঢেলে দিন।

হাঁড়ির মুখে ভেজা গামছা পেঁচিয়ে ভালোভাবে ঢেকে দিন এবং কম আঁচে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কাচ্চি বিরিয়ানি।

/এসএনআর/জেএইচ/