শিরোনাম

ফ্রিজ ছাড়াই বরফ বানাবেন যেভাবে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ফ্রিজ ছাড়াই বরফ বানাবেন যেভাবে
প্রতীকী ছবি

বর্তমানে দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। ফলে বেড়েছে লোডশেডিং। এদিকে ভ্যাপসা গরমে হাসফাস অবস্থা। এমন পরিস্থিতিতে আপনার বরফের প্রয়োজন। কিন্তু ফ্রিজে বরফ নেই। তখন কী করবেন? তবে এর সমাধান রয়েছে। বিজ্ঞান ও প্রাচীন কিছু কৌশল কাজে লাগিয়ে ফ্রিজ বা কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ছাড়াই বরফ বানাতে পারবেন।

ফ্রিজ ছাড়াই বরফ বানাতে কয়েকটি উপাদান প্রয়োজন। এর মধ্যে একটি হলো বড় ধাতব পাত্র বা কেটলি। এর মধ্যে আটসাঁট হয়ে বসে থাকবে এমন ছোট পাত্র। এছাড়া প্রচুর পরিমাণে সাধারণ লবণ বা রক সল্ট (খাবার লবণ বা বিট লবণ) এবং পানি।

যেভাবে বানাবেন

প্রথমে একটি বড় পাত্রের তলায় কয়েক ইঞ্চি পুরু করে লবণ ছড়িয়ে দিতে হবে। এরপর ছোট পাত্রটির ভেতরে পানি ভরে সেটি বড় পাত্রের ঠিক মাঝখানে বসিয়ে দিন। এবার ছোট পাত্রের চারপাশ ঢেকে দেওয়ার জন্য লবণের সঙ্গে সামান্য পানির মিশ্রণ ভালোভাবে ঢেলে দিন। এটা এমনভাবে করতে হবে যাতে ছোট পাত্রটির চারপাশে নোনা পানির একটি অত্যন্ত ঠান্ডা আবরণ তৈরি হয়। এরপর সম্পূর্ণ পাত্রটি একটি ভারী তোয়ালে, কাপড় বা থার্মোকল দিয়ে ঢেকে কোনো ঠান্ডা জায়গায় ২ থেকে ৩ ঘণ্টা রেখে দিন।

কী বলছে বিজ্ঞান

পানির সঙ্গে লবণ মেশালে এর হিমাঙ্ক (ফ্রিজিং পয়েন্ট) শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। এতে চারপাশে তৈরি হওয়া তীব্র ঠান্ডা পরিবেশ ছোট পাত্রে রাখা পানি থেকে সমস্ত তাপ দ্রুত শুষে নেয়। ফলে কয়েক ঘণ্টার মধ্যে ভেতরের পানি জমে বরফে পরিণত হয়।

/জেএইচ/