শিরোনাম

প্রথম দেখায় কি প্রেম হয়? যা বলছে গবেষণা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্রথম দেখায় কি প্রেম হয়? যা বলছে গবেষণা
প্রতীকী ছবি

স্কুল-কলেজ কিংবা শপিংমল, ফুটপাত অথবা বাসে চলার পথে হঠাৎ কাউকে দেখেই তার প্রেমে পড়ে গেছেন। এমন কি সম্ভব? অনেকেই মনে করেন প্রথম দেখায় প্রেম হওয়া সম্ভব নয়। তবে গবেষণা বলছে ভিন্ন কথা। বিজ্ঞানীরা বলছেন, কাউকে প্রথম দেখার কয়েক মুহূর্তেই তার প্রতি তীব্র আকর্ষণ তৈরি হতে পারে। এমনকি এই আকর্ষণ দীর্ঘস্থায়ীও হতে পারে। এই অনুভূতি কি শুধুই মনের আবেগ? নাকি অন্য কিছু?

মজার বিষয় হলো, প্রথম দেখায় প্রেমের মধ্যে রয়েছে মস্তিষ্কের জটিল কিছু প্রক্রিয়া। আমাদের মন নয়, দ্রুত প্রেমে পড়ে মূলত মস্তিষ্ক। স্নায়ুবিজ্ঞান, মনোবিজ্ঞান ও আচরণবিষয়ক নানা গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা এসব তথ্য পেয়েছেন। তারা বোঝার চেষ্টা করছেন, কীভাবে কাউকে দেখার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার প্রতি ভালো লাগা তৈরি হতে পারে।

প্রেম নিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে। প্রথম দেখায় প্রেমের সময় মানুষের মস্তিষ্ক ও শরীরে কী ঘটে সে সম্পর্কে ধারণা পেয়েছেন বিজ্ঞানীরা।

গবেষকদের মতে, প্রেমের শুরুতে মস্তিষ্ক ও শরীরে দ্রুত কিছু পরিবর্তন ঘটে। বিশেষ করে ডোপামিন ও অ্যাড্রেনালিনের মতো রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এর ফলে হঠাৎ ভালো লাগা, উত্তেজনা কিংবা সেই মানুষটিকে বারবার দেখার ইচ্ছা তৈরি হতে পারে।

শরীরে অদ্ভুত অনুভূতি কেন আসে?

গবেষকরা বলছেন, প্রথম দেখায় প্রেম খুবই আবেগী একটি ঘটনা। এর ফলে শরীরে সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। তখন হৃদস্পন্দন বেড়ে যায়। শরীর ঘামতে শুরু করে, সেইসঙ্গে শ্বাস দ্রুত হয়। কখনো মুখ লাল হয়ে যেতে পারে। শরীর হঠাৎ খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুত হচ্ছে এমন মনে হয়। তবে এর পেছনে অ্যাড্রেনালিনের ভূমিকা রয়েছে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস শরীরকে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত করে, ফলে হঠাৎ মনে হতে পারে বুক ধড়ফড় করছে বা শরীরের মধ্যে অন্যরকম উত্তেজনা তৈরি হয়েছে।

গবেষণায় পাওয়া গেছে, ডোপামিন আমাদের আনন্দের অনুভূতি বুঝতে সাহায্য করে। একইসঙ্গে এটি কোনো ঘটনা দীর্ঘদিন মনে রাখতেও ভূমিকা রাখে। তাই প্রথম দেখার সেই মুহূর্তটি অনেক সময় আমাদের মনে খুব গভীরভাবে গেঁথে যায়।

কয়েক সেকেন্ডেই ভালো লাগা তৈরি হয়?

গবেষকরা বলছেন, প্রথম দেখায় কারও প্রতি তীব্র আকর্ষণ তৈরি হতে পারে। এর পেছনে একটি মানসিক ক্ষমতা কাজ করে। সেটি হলো, আমরা খুব অল্প সময়ের মধ্যেই অন্য মানুষ সম্পর্কে ধারণা তৈরি করতে পারি। কারও মুখের অভিব্যক্তি, হাসি, চোখের দৃষ্টি, পোশাক, হাঁটার ধরন কিংবা শরীরের অঙ্গভঙ্গির মতো নানা সংকেত মস্তিষ্ক অল্প সময়ের মধ্যেই বিশ্লেষণ করে।

মনোবিজ্ঞানীরা বলছেন, সাত সেকেন্ডেরও কম সময়ে মানুষের মস্তিষ্ক কারও সম্পর্কে ধারণা তৈরি করতে পারে। মানুষ আসলে বাইরের বৈশিষ্ট্য দেখে খুব সহজেই প্রভাবিত হয়। আমরা যতই বলি, ‘মানুষের চেহারা দেখি না’; বাস্তবে আমাদের মস্তিষ্ক অন্য মানুষের চেহারা ও আচরণ থেকে নানা সংকেত গ্রহণ করে।

শুধু চেহারা দেখেই কি আকর্ষণ হয়?

একজন মানুষের প্রতি আকর্ষণ সবসময় চেহারার কারণে হয় এমন নয়। অনেক সময় দুজনের ধারণা বা চিন্তা মিলে যেতে পারে। এর ফলে আকর্ষণ তৈরি হয়। মনোবিজ্ঞানে একে বলা হয় আই-শেয়ারিং। ধরা যাক, আপনি কোনো রেস্টুরেন্টে বসে আছেন। হঠাৎ আপনার সামনে মজার কিছু ঘটলো, কাউকে দেখে আপনার হাসি পেলো, কিংবা তার গান শুনে ভালো লাগলো। আপনি মুচকি হেসে তাকালেন। ঠিক তখনই দেখলেন, কফিশপের অন্য প্রান্তে বসা একজন অপরিচিত মানুষও একই বিষয় দেখে হাসছেন। আপনাদের চোখে চোখ পড়ল। এই ছোট্ট মুহূর্তটিই দুজন মানুষের মধ্যে এক ধরনের অদ্ভুত সংযোগ তৈরি করতে পারে। গবেষণায় দেখা গেছে, এমন অভিজ্ঞতা পরবর্তী সময়ে মানুষের প্রেমের সম্পর্কে সঙ্গেও যুক্ত হতে পারে।

প্রথম দেখার প্রেম কি টেকে?

এখন প্রশ্ন আসতে পারে প্রথম দেখার প্রেম টেকে কি না। গবেষকরা বলছেন, জরুরি নয় যে প্রথম দেখায় তীব্র আকর্ষণ বোধ করছেন বলে ভবিষ্যতে সম্পর্ক সফল হবে। এটা আসলে মানসিকতার ওপর নির্ভর করে। দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, মূল্যবোধের মিল, বিশ্বাস, সম্মান এবং আচরণের সামঞ্জস্য।

/জেএইচ/