শিরোনাম

ঈদে আসছে অপূর্ব-নীহার ‘মায়াপাখি’, দর্শক আগ্রহ তুঙ্গে

বিনোদন ডেস্ক
ঈদে আসছে অপূর্ব-নীহার ‘মায়াপাখি’, দর্শক আগ্রহ তুঙ্গে
নাটকের দৃশ্যে অপূর্ব ও নীহা। ছবি: সৌজন্যে

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে অপূর্ব ও নীহা অভিনীত নাটক ‘মায়াপাখি’। তবে মুক্তির আগেই নাটকটির আগমনী বার্তা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর প্রধান কারন ‘মনদুয়ারী’ এবং ‘মেঘবালিকা’ টিমের তৃতীয় নাটক এটি। দর্শকের কাছে আগের নাটক দুটি ব্যাপক জনপ্রিয়।

নাটকটি রচনা করেছেন জাকারিয়া সৌখিন। পরিচালনায়ও রয়েছেন তিনি। আর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা।

আগের দুটি নাটকের মতো এই নাটকটিও সম্পর্ক-প্রেম নিয়ে রচিত হলেও ধরনে একেবারে আলাদা। এ বিষয়ে নির্মাতা জাকারিয়া বলেন, ‘এবারের গল্প দর্শকের ধারনারও বাইরের কিছু। নাটক দেখে দর্শক প্রতিটি বাঁকে ধাক্কা খাবে। শিহরিত হবে। আর গল্পের শেষে এসে কোনো দর্শকই ঠিক থাকতে পারবে না। তার মন লুটপাট হয়ে যাবে।’

গল্পের কাহিনী গড়ে উঠেছে মায়া নামের সাধারণ একটি মেয়েকে নিয়ে। হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো বেনী করা চুল, কপালে টিপ, চোখে কাজল দেওয়া সহজ-সরল ও সাধারণ একটি মেয়ে সে (নীহা)। তার প্রেমে পড়ে সাদাত (অপূর্ব)। প্রথমে সবকিছু ঠিক থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি জটিল হতে শুরু করে।

আপাতত এটুকু বলেই থামেন জাকারিয়া সৌখিন। বাকিটুকু দর্শকের জন্য সারপ্রাইজ হিসেবে রেখে দিতে চান পরিচালক।

সৌখিন বলেন, ‘যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার ভিন্নস্বাদের কিছু নিয়ে আসছি।’

নাটকটির বিষয়ে অপূর্ব বলেন, ‘মায়াপাখি এমন এক গল্প, যা দেখে সবার মায়া লাগবে। অনুভতি কাজ করবে। গল্পের শেষে এসে প্রতিটি দর্শকের হৃদয় মোচড় দিয়ে উঠবে। যে ঘোর তৈরি হবে, তা থেকে বের হতে পারবে না অনেকদিন।’

নীহা বলেন, ‘মায়াপাখি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট ছিল। এখানে আমি এমন অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন। আপাতত একটুকুই মনে হচ্ছে।’ ‘নাটকটি নিয়ে পার্সনালি আমি খুবই এক্সাইটেড,’ বলেন অভিনেত্রী।

ঈদে সিএমভিতে রিলিজ হবে ‘মায়াপাখি’। এতে আরও অভিনয় করেছেন, শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ, তরু, মিলি বাশার, আহসানুল হক মিনু, সমাপ্তি মাশুক প্রমুখ।

/জেএইচ/