শিরোনাম

ঈদ আনন্দমেলায় যা থাকছে

বিনোদন ডেস্ক
ঈদ আনন্দমেলায় যা থাকছে
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন আনিকা কবির শখ। ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ সাজানো হয়েছে নানা বৈচিত্র্যময় আয়োজনে। ঈদের দিন রাত ১০টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।

এবারের আয়োজনে থাকছে তারকাদের নৃত্য পরিবেশনা। নাচে অংশ নেবেন পূজা চেরি, মেহজাবীন চৌধুরী, রিচি সোলায়মান, চাঁদনী ও আনিকা কবির শখ।

সংগীত পর্বে গান শোনাবেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, মনির খান, রবি চৌধুরী, ন্যান্সি, নাসির এবং ব্যান্ড চিরকুট। দীর্ঘদিন পর মনির খান ও কনকচাঁপা একসঙ্গে গাইবেন জনপ্রিয় গান ‘প্রেমের তাজমহল’।

এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় থাকবে আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো। এছাড়া কৌতুক পরিবেশন করবেন আবু হেনা রনি। পাশাপাশি থাকছে যন্ত্রসংগীতে ‘রমজানের ঐ রোজার শেষে’, বিশেষ জিঙ্গেল ও নাটিকা।

অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ ও ইয়াসমিন আক্তার। উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ।

/জেএইচ/