শিরোনাম

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক
ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার
অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

ব্রেন টিউমারে আক্রান্ত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অস্ত্রোপচারের খবর প্রকাশের পর থেকে সহশিল্পী ও ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানিয়েছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। জনপ্রিয় নির্মাতা সকাল আহমেদ জানান, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন আপাতত কোনো জটিলতা নেই। তাকে পোস্ট-অপারেটিভ কেয়ারে রাখা হয়েছে। পর্যবেক্ষণের পর কেবিনে নেওয়া হবে।’

নির্মাতা রায়হান খান বলেন, ‘বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তানিয়া। কখনো তীব্র মাথাব্যথা অনুভব করতেন, কখনো বা জ্বর-ঠান্ডা লেগে থাকত তার। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তানিয়া ব্রেন টিউমারে আক্রান্ত।’

তিনি আরও বলেন, ‘আজ রাজাধানীর একটি হাসপাতালে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ রাতটা পোস্ট অপারেটিভে রাখা হবে। সোমবার যেকোনো সময় তাকে কেবিনে নেওয়া হতে পারে।’

রবিবার রাত পৌনে ১১টায় ফেসবুকে নির্মাতা হাসান রেজাউল লিখেছেন, ‘আল্লাহর রহমতে অভিনেত্রী তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সাথে সম্পন্ন হয়েছে। প্রায় ৪ ঘণ্টার অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে। আগামী ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে। পোস্ট-অপারেটিভ অনেক জটিলতা থাকতে পারে, এ জন্য এখনই বিপদমুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন। হাসপাতালে অযথা ভিড় এবং অতিরিক্ত ফোন কল না দেওয়ার অনুরোধ রইল।’

এর আগে তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরটি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানানো হয়। সেখানে অনুরোধ করা হয় শুটিং বা কাজসংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা খুদে বার্তা দিয়ে বিরক্ত না করতে। ভালোবাসা দিবসে দেওয়া আরেক পোস্টে তিনি নিজেই লিখেছিলেন, ‘কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’

এদিকে তানিয়ার অসুস্থতার খবরে বিনোদন অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অভিনেত্রী সামিরা খান মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘হাসপাতালের বিছানায় না, তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে চাই।’ তিনি তানিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

এছাড়াও তানিয়া বৃষ্টির এই দুঃসময়ে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি একাত্মতার বার্তা জানাচ্ছেন। কেউ তার সঙ্গে কাজের স্মৃতি ভাগ করছেন, কেউ শেয়ার করছেন পুরোনো হাস্যোজ্জ্বল ছবি। প্রায় প্রতিটি পোস্টের কেন্দ্রবিন্দু একটাই প্রার্থনা, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন তানিয়া।’

তানিয়া বৃষ্টি এই প্রজন্মের ব্যস্ত নাট্যাভিনেত্রীদের একজন। সাম্প্রতিক সময়ে একক নাটকে নিয়মিত কাজ করে দর্শকের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। সম্প্রতি তার অভিনীত নাটকগুলো হলো, ‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’, ‘দাদীর দাদাগিরি’, ‘সুইট প্রেমিক’, ‘কাবিনের বোঝা’ এবং ‘রেগে গেলাম তো হেরে গেলাম’। এর মধ্যে ‘সুইট প্রেমিক’ নাটকটি দর্শকমহলে বেশ সাড়া ফেলে। তুহিন হোসেনের ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এছাড়া সোহেল রানা ইমনের নির্দেশনায় ‘এই শহরে মেঘেরা একা’ নাটকেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

/জেএইচ/