শিরোনাম

বিপ্লব সাহার কণ্ঠে নজরুলের ৪ গজল

বিনোদন ডেস্ক
বিপ্লব সাহার কণ্ঠে নজরুলের ৪ গজল
বিপ্লব সাহা। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা বহুমুখী প্রতিভার অধিকারী। শখের বশে নিয়মিত গান গেয়ে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। কোনাল, দিনাত জাহান মুন্নি, আঁখি আলমগীর ও ঐশীর মতো জনপ্রিয় শিল্পীদের সঙ্গে দ্বৈত গানেও কণ্ঠ দিয়েছেন। বিভিন্ন উৎসব উপলক্ষে তার গাওয়া মৌলিক ও পুরনো দিনের গানও প্রকাশিত হয়ে থাকে।

সেই ধারাবাহিকতায় এবার তিনি চারটি জনপ্রিয় নাতে রাসুলে কণ্ঠ দিয়েছেন। যার সবগুলোর কথা ও সুর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। গানগুলো হলো– ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’, ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ’, ‘এই সুন্দর ফুল, সুন্দর ফল’ এবং ‘আল্লাহকে যে পাইতে চায়’।

তবে নাতে রাসুলগুলো আলাদা আলাদা করে প্রকাশ করা হচ্ছে না বলে জানা গেছে। এগুলো মিলিয়ে একটি ম্যাশআপ করা হয়েছে। অর্থাৎ চারটি নাতে রাসুলের অংশ বিশেষ শোনা যাবে একসঙ্গে।

গানগুলো কম্পোজিশন করেছেন রাজন সাহা। এর আগেও বিপ্লব সাহার বেশ কিছু গান কম্পোজিশন করেছেন তিনি।

এ বিষয়ে বিপ্লব সাহা বলেন, ‘আমি মূলত শখের বশে গান করি। বিভিন্ন উৎসব উপলক্ষে গাইবার চেষ্টা করি। এছাড়া বিভিন্ন পুরনো গান কাভার করি। এবারের কাজ অনেক দিনের অনেক প্রিয়জনের, অভিযোগ থেকেও মুক্তি বলতে পারি। কারণ প্রতি পূজায় আমার গাওয়া গান মুক্তি পায়। অনেকের অভিযোগ কেন ঈদে গান আসে না।

প্রিয় ছোট ভাই সুরকার রাজন সাহাকে বলামাত্রই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। শেষ পর্যন্ত সংকোচ কাটিয়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় চারটি নাতে রাসূল গেয়ে ফেললাম। সবার কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতেও এ ধরনের কাজে আরও সম্পৃক্ত হতে পারি।

তিনি আরও বলেন, ‘চারটি নাতে রাসুলের ম্যাশআপটি কয়েকদিনের মধ্যেই ভিডিও আকারে প্রকাশ পাবে। আশা করি সবার ভালো লাগবে।’

/জেএইচ/