শিরোনাম

ঈদে ফারিয়ার নতুন চমক

সিটিজেন ডেস্ক
ঈদে ফারিয়ার নতুন চমক
অভিনেত্রী নুসরাত ফারিয়া ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। ছবি: সংগৃহীত

প্রতি ঈদের মতো এবারও নতুন গান নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন একক গান ‘লোকে বলে’, যেখানে সংগীত পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন ফুয়াদ আল মুক্তাদির।

ফোক ও পপ ধারার সংমিশ্রণে তৈরি এই গানটির কথায় রয়েছে গ্রামীণ আবহের আবেদন, আবার সংগীতায়োজনে মিলেছে আধুনিকতার ছোঁয়া। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও সামলেছেন ফুয়াদ আল মুক্তাদির।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন ও পুরোনো বাংলা সংগীতধারার মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে গানটিতে। লোকজ সুরের আবেগের সঙ্গে আধুনিক মিউজিক প্রোডাকশনের উপস্থাপন গানটিকে আলাদা মাত্রা দিয়েছে।

এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন কলকাতার জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক বাবা যাদব।

জানা গেছে, ঈদের দিন এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, নিয়মিতভাবেই নতুন গান প্রকাশ করে থাকেন নুসরাত ফারিয়া। ২০২৪ সালেও এসভিএফের ব্যানারে তার একটি গান প্রকাশ পেয়েছিল। দুই বছর পর আবারও একই প্রতিষ্ঠানের সঙ্গে নতুন গান নিয়ে ফিরছেন তিনি। ‘লোকে বলে’ তার ক্যারিয়ারের পঞ্চম একক গান হিসেবে প্রকাশ পাচ্ছে।

/এমআর/