শিরোনাম

দর্শকখরায় যশের ‘টক্সিক’, আয় নেমেছে অর্ধেকের নিচে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
 দর্শকখরায় যশের ‘টক্সিক’, আয় নেমেছে অর্ধেকের নিচে
তারকা অভিনেতা যশ

বক্স অফিসে ঝড় তুলে যাত্রা শুরু করলেও দ্বিতীয় দিনেই থমকে গেল দক্ষিণী তারকা যশ অভিনীত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। মুক্তির প্রথম দিনে শতকোটির ক্লাব স্পর্শ করা সিনেমাটির আয় দ্বিতীয় দিনেই নেমে এসেছে অর্ধেকের নিচে। এমনকি তৃতীয় দিনে এসে বিভিন্ন সিনেমা হলে দর্শকখরা স্পষ্ট হয়ে উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নয়ডার একটি প্রখ্যাত প্রেক্ষাগৃহের ৩০০ আসনের হলে সকাল ৯টার শো সম্পূর্ণ দর্শকশূন্য ছিল। এমনকি সাড়ে ১০টার শোতে এসেছিলেন মাত্র পাঁচজন।

গীতু মোহনদাস পরিচালিত বিগ বাজেট ছবিটির বিক্রি দ্বিতীয় দিনেই বেশ নাজুক পরিস্থিতির মুখে পড়ে। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর হিসাব অনুযায়ী, ভারতে প্রথম দিনে ১০১ কোটি ১০ লাখ রুপি তুলে ব্যবসা শুরু করলেও বৃহস্পতিবার (২৭ আগস্ট) দ্বিতীয় দিনে ছবিটির আয় প্রায় ৬৪ শতাংশ কমে দাঁড়ায় ৩৬ কোটি ৪০ লাখ রুপিতে। দেশজুড়ে ১৯ হাজার ৪১৩টি শো চালানো হলেও সার্বিকভাবে হলে দর্শক উপস্থিতির হার ছিল মাত্র ২৬ দশমিক ৬ শতাংশ। সব মিলিয়ে প্রথম দুই দিন শেষে ভারতের বাজার থেকে ছবিটির পকেটে এসেছে ১৩৭ কোটি ৫০ লাখ রুপি।

তবে দেশীয় বাজারে টানাপোড়েন থাকলেও বিদেশের বাজার কিছুটা ভরসা জোগাচ্ছে। দ্বিতীয় দিনে আন্তর্জাতিক বাজার থেকে ১০ কোটি রুপি সংগ্রহ করায় বিদেশে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ২৬ কোটি ২৫ লাখ রুপি। সব মিলিয়ে প্রথম দুই দিনে বিশ্বব্যাপী ‘টক্সিক’-এর মোট সংগ্রহ ১৯০ কোটি ৭৫ লাখ রুপি। শুক্রবার(২৮ আগস্ট) রাখিবন্ধন উৎসবের ছুটি থাকায় ছবিটি আজ ২০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। মূলত কন্নড় ভাষার ছবি হলেও এটি কন্নড়ের চেয়ে হিন্দি সংস্করণে অপেক্ষাকৃত ভালো ব্যবসা করছে। অন্যদিকে তেলুগু সংস্করণে মোটামুটি সাড়া পেলেও তামিল ও মালয়ালম ভাষায় দর্শক টানতে ছবিটি অনেকটাই পিছিয়ে পড়েছে।

/এমএকে/