শিরোনাম

প্রকাশ্যে বিজয়-রাশমিকার বিয়ের ছবি

বিনোদন ডেস্ক
প্রকাশ্যে বিজয়-রাশমিকার বিয়ের ছবি
অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার বিয়ের ছবি। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন দক্ষিণ ভারতীয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুর-এ তেলুগু রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

নবদম্পতি নিজেদের বিয়ের প্রথম ঝলক সামাজিক মাধ্যমে শেয়ার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ছবিতে জনপ্রিয় ‘বিরোশ’ জুটিকে দেখা গেছে চিরাচরিত দক্ষিণী-রাজকীয় সাজে ও আবেগঘন আবহে, যা ভক্তদের নজর কেড়েছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, বিজয় দেবরাকোন্ডা পরেছেন সাদা ধুতি ও লাল রঙের জমকালো উত্তরীয়; সঙ্গে ছিল ভারী সোনার অলংকার। অন্যদিকে রাশমিকা মান্দানা বেছে নিয়েছেন টকটকে লাল রঙের কারুকাজখচিত শাড়ি এবং কপালে নজরকাড়া সোনার টায়রা।

বিয়ের সাঁজে অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত
বিয়ের সাঁজে অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় রীতির অংশ হিসেবে কুনজর থেকে রক্ষা পেতে দুজনের গালেই আঁকা ছিল ছোট একটি কালো তিল, যা তাদের সাজে যোগ করেছে ঐতিহ্যের ছোঁয়া।

বিয়ের ছবি শেয়ার করে অভিনেতা বিজয় দেবরাকোন্ডা লেখেন, ‘আমি বুঝেছি আমার ওকে দরকার। ও পাশে থাকলে মনে হয় আমি যেন ঘরেই আছি। আমি আমার প্রিয় বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি।’

অন্যদিকে রাশমিকা মান্দানা বিয়ের দিন বিজয় দেবরাকোন্ডাকে উদ্দেশ করে একটি দীর্ঘ পোস্টে নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ করেছেন। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে বিজয়কে নিয়ে প্রশ্ন উঠলে তিনি বিষয়টি এড়িয়ে গেলেও, বিশেষ এই দিনে মনের সব কথা উজাড় করে দেন।

২০১৮ সালে গীতা গোবিন্দম সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই গুঞ্জনই রূপ নেয় ভক্তদের প্রিয় জুটিতে।

ভক্তদের কাছে ‘বিরোশ’ নামে পরিচিত এই জুটি দুই পরিবারের উপস্থিতিতে তেলুগু রীতির পাশাপাশি কনের ঐতিহ্য অনুসারে কর্ণাটকের কোডাভা রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। বর্তমানে এই তারকা দম্পতির বিয়ের ছবিগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল।

/জেএইচ/