শিরোনাম

জেল থেকে মুক্তি পেয়ে রিহ্যাবে গেলেন গায়িকা

সিটিজেন ডেস্ক
জেল থেকে মুক্তি পেয়ে রিহ্যাবে গেলেন গায়িকা
মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সংগৃহীত

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স এবার নিজেকে পরিবর্তনের লক্ষ্যে স্বেচ্ছায় পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এই ঘটনা ঘটে।

ব্রিটনির এক প্রতিনিধি দ্য হলিউড রিপোর্টারকে জানিয়েছেন, ঘটনাটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে ব্রিটনি এখন পরিস্থিতি বুঝে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। এই সময় তার পরিবার ও সন্তানরা তার পাশে রয়েছে এবং দীর্ঘমেয়াদি সহায়তার পরিকল্পনাও করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মার্চ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ৪৪ বছর বয়সী এই গায়িকাকে আটক করা হয়। গ্রেপ্তারের একদিন পর তিনি মুক্তি পেলেও আগামী ৪ মে ভেনচুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে তাকে হাজিরা দিতে হবে।

ব্রিটনির ব্যক্তিগত জীবন আগে থেকেই নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে। ২০০৭ সালে আচরণগত সমস্যার কারণে তিনি ব্যাপক আলোচনায় আসেন এবং পরে চিকিৎসার জন্য পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হন। পরের বছর সাবেক স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধের সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তখন তাকে একাধিকবার হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে আদালত তার ওপর ‘কনজারভেটরশিপ’ জারি করে, যার ফলে তার ব্যক্তিগত ও আর্থিক সিদ্ধান্তের নিয়ন্ত্রণ তার বাবা জেমি স্পিয়ার্স নেন। দীর্ঘ ১৩ বছর পর ২০২১ সালে আইনি লড়াই ও ভক্তদের ‘ফ্রি ব্রিটনি’ আন্দোলনের পর তিনি সেই নিয়ন্ত্রণ থেকে মুক্তি পান।

সাম্প্রতিক এই রিহ্যাবে ভর্তি হওয়ার সিদ্ধান্তকে অনেক ভক্তই ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এটি ব্রিটনির স্বাভাবিক জীবনে ফেরার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

/এসএ/