শিরোনাম

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেন ১৩১ কারিগর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেন ১৩১ কারিগর
আমির খান, স্ত্রী গৌরী স্প্র্যাট এবং আলোচিত আংটি

তৃতীয়বারের মতো বিয়ের করেছেন বলিউড অভিনেতা আমির খান। গত ৬ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজের বাড়িতে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতা। তাদের সন্তান, পরিবারের সদস্য এবং হাতেগোনা কয়েকজন বন্ধু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তবে বিয়ের পর আলোচনার জন্ম দিয়েছে স্ত্রী গৌরীকে দেওয়া আমিরের বিয়ের আংটি। আংটিটি এর দুর্লভ রত্নপাথর এবং সূক্ষ্ম কারুকার্যের জন্য দৃষ্টি আকর্ষণ করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ১৩১ জন কারিগর মিলে ২৫৬ ঘণ্টারও বেশি সময় নিয়ে বিশেষ এ আংটিটি তৈরি করেছেন।

এটি তৈরি করেছে ‘কুইন’ নামের এক প্রতিষ্ঠান। আংটির কেন্দ্রে বসানো হয়েছে মাদাগাস্কার থেকে সংগ্রহ করা অত্যন্ত বিরল প্রাকৃতিক রুবি।

সোনার মুকুট সদৃশ একটি কাঠামোর ওপর রুবিটি বসানো। এর সঙ্গে রয়েছে ৪০টি হীরা।

এমন রুবি খুবই বিরল। বিশ্বের মাত্র দশমিক ১ শতাংশেরও কম রুবি এমন হয়ে থাকে। এই মানের রুবি সংগ্রহ করতেই সময় লেগেছে তিন মাস।

তবে গৌরীকে দেওয়া আমির খানের এটিই বিশেষ গহনা নয়। এর আগে ব্রাজিল থেকে সংগ্রহ করা বিরল অ্যাকোয়ামেরিন পাথর ও ৪০টি প্রাকৃতিক হীরা বসানো আরেকটি আংটি উপহার দিয়েছিলেন অভিনেতা।

/জেএইচ/